
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপির নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাঁর মালামাল ক্রোকেরও নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেন।
মনিরুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগপত্র আমলে নিয়ে আদালত এ আদেশ দেন বলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন। আগামী ৯ মে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।
২০০৮ সালের ৭ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতা বাদী হয়ে মনিরুল হক ও তাঁর স্ত্রী আফরোজা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন। দীর্ঘ আট বছর তদন্ত শেষে গত বছরের ৪ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে মামলা থেকে মনিরুল হকের স্ত্রীকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, মনিরুল হকের বিরুদ্ধে ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ৩২ জনকে।
গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে মনিরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ওই মামলায় আদালতে হাজির না হওয়ার কারণে এ আদেশ জারি করা হয়েছে। ওই মামলায় আমি সুপ্রিম কোর্ট থেকে স্থায়ী জামিন নিয়েছি। তবে আমার আইনজীবী বিষয়টি আদালতের কাছে উল্লেখ না করায় এ অবস্থা হয়েছে।’
গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন মনিরুল হক। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় ২ (খ) কলামে ‘আমি বর্তমানে ফৌজদারি মামলায় অভিযুক্ত’ অংশে মনিরুল হক ওই মামলার তথ্য উপস্থাপন করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘মামলাটি আমলে গ্রহণ-সম্পর্কিত শুনানির অপেক্ষায় আছে।’
মনিরুল হক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। নগর ভবন সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর তত্কালীন কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মনিরুল হক। ২০০৭ সালের ৭ মে পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১/১১-এর বেশির ভাগ সময় তিনি আত্মগোপনে ছিলেন। ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নাগরিক সমাজের ব্যানারে নির্বাচন করে জয়ী হন মনিরুল হক। ৮ ফেব্রুয়ারি তিনি মেয়রের দায়িত্ব নেন। এরপর তিনি পুনরায় দলে ফেরেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হয়।
২০১৩ সালে গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সব কটিতে বিএনপি–সমর্থিত প্রার্থীরা মেয়র পদে জয়লাভ করেন। এর মধ্যে গাজীপুরের মেয়র এম এ মান্নান, রাজশাহীর মোসাদ্দেক হোসেন, সিলেটে আরিফুল হক দুদফা বরখাস্ত হন। এখন তাঁরা দায়িত্বে ফিরেছেন। আর খুলনার মেয়র এক দফা বরখাস্ত হয়ে গত বছর থেকে দায়িত্বে আছেন। তবে বরিশালের মেয়র বরখাস্ত হননি।
বিএনপির চার মেয়র–বৃত্তান্ত
গাজীপুরের মেয়র এম এ মান্নান
প্রথম দফা বহিষ্কার
১৯ আগস্ট ২০১৫
স্থগিতাদেশ
১৩ এপ্রিল ২০১৬
দ্বিতীয় দফা বহিষ্কার
১৮ এপ্রিল ২০১৬
স্থগিতাদেশ
১৩ এপ্রিল ২০১৭
সিলেটের মেয়র আরিফুল হক
প্রথম দফা বহিষ্কার
৭ জানুয়ারি ২০১৫
স্থগিতাদেশ
১২ মার্চ ২০১৬
দ্বিতীয় দফা বহিষ্কার
২ এপ্রিল ২০১৭
স্থগিতাদেশ
৩ এপ্রিল ২০১৭
রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন
প্রথম দফা বহিষ্কার
৭ মে ২০১৫
দ্বিতীয় দফা বহিষ্কার
২ এপ্রিল ২০১৭
স্থগিতাদেশ
৪ এপ্রিল ২০১৭
খুলনার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান
প্রথম দফা বহিষ্কার
২ নভেম্বর ২০১৫
স্থগিতাদেশ
৭ জুন ২০১৬