কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি থেকে নির্বাচন করার জন্য সদ্য বিদায়ী মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কুর নাম প্রস্তাব করেছেন দলটির নেতারা। ২৫ ফেব্রুয়ারি সাক্কু নেতাদের এ প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
এ বিষয়ে সাক্কু প্রথম আলোকে বলেন, ‘আমার কিছু পারিবারিক ঝামেলা আছে। তাই ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছি। দলের বেশির ভাগ নেতাই আমাকে প্রার্থী হওয়ার ব্যাপারে অনুরোধ করেছেন। সিটি নির্বাচনের পর জেলা কমিটি পুনর্গঠন ও মহানগর কমিটি গঠন করার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়।’
গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর কারওয়ান বাজারের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি কুমিল্লা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। বেলা দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কুমিল্লার বিএনপি দলীয় সাবেক সাংসদ ও জেলা কমিটির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী, আমিন উর রশিদ ইয়াছিন, আবদুল গফুর ভূঁইয়া ও আনোয়ারুল আজিম, কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সদস্য মো. মনিরুল হক সাক্কু, সৈয়দ জাহাঙ্গীর আলম, মোবাশ্বের আলম ভূঁইয়া ও সাবেরা আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
আব্দুল আউয়াল মিন্টু গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কুমিল্লা মহানগরে বিএনপির কোনো কমিটি নেই। জেলা কমিটির পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে স্থানীয় নেতাদের অনেকেই সিটি করপোরেশন নির্বাচনে মনিরুল হক সাক্কুকে প্রার্থী করার কথা বলেছেন।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আমিন উর রশিদ ইয়াছিন প্রথম আলোকে বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঢাকায় কুমিল্লা মহানগর কমিটি গঠন ও জেলা কমিটি পুনর্গঠন নিয়ে বৈঠকের তারিখ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে যখন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন মেয়র পদে প্রার্থিতার বিষয়টি সামনে চলে আসে। তখন আলোচনায় মনিরুল হক সাক্কুর নাম ঘুরেফিরে বেশির ভাগ নেতাই বলেন। তিনিও তাঁর নাম দলীয় মেয়র প্রার্থী হিসেবে বলেন। বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী বলেন, দল বললে তিনি মেয়র পদে নির্বাচন করবেন। এ ক্ষেত্রে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে তিনি মন্তব্য করেন।
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে এ নির্বাচন হবে।