কুমিল্লায় আ.লীগের মেয়র প্রার্থীকে সতর্ক করল ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরফানুল হক
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সতর্ক করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে নির্বাচনী আচরণবিধিমালা অবহিত করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দলীয় মনোনয়ন পাওয়ার পর গত শনিবার রাত সোয়া আটটার দিকে ঢাকা থেকে কুমিল্লায় যান আরফানুল হক। এরপর তিনি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম বাহাউদ্দিনের সঙ্গে নগরের রামঘাটে দলের মহানগর কার্যালয়ে যান। সেখানে বাহাউদ্দিন মেয়র প্রার্থী ও নেতা-কর্মীদের নিয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল রোববার বিষয়টি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয় ইসি। আজ সোমবার ওই ঘটনার তদন্ত প্রতিবেদন ইসির হাতে আসে। ওই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সন্ধ্যায় কমিশন বসে প্রতিবেদনটি পর্যালোচনা করে।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ওই মিছিল ও সভা সিটি করপোরেশন নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তবে এটি অনিচ্ছাকৃত ও প্রথমবারের মতো হওয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হককে সতর্ক করা হয়েছে। তা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে পরবর্তী সময়ে যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা না ঘটে বা আচরণবিধি ভঙ্গের উপক্রম না হয় অথবা আচরণবিধি প্রতিপালন নিশ্চিত হয়, সে জন্য আচরণবিধির সংশ্লিষ্ট বিধি অবহিত করে কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্যকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

উন্নয়নকাজে অর্থ ছাড় স্থগিত

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় সব ধরনের উন্নয়নকাজে অর্থ ছাড় স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে ইসি। এ–সংক্রান্ত ইসির এক চিঠিতে নগর এলাকায় নতুন কোনো প্রকল্প গ্রহণ, অনুমোদন বা অর্থ ছাড় দেওয়া নিষিদ্ধের পাশাপাশি কাবিখা, ভিজিডির মতো কর্মসূচিও বন্ধ রাখতে বলা হয়েছে। তবে চলমান ত্রাণ কার্যক্রম চলবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে সব ধরনের উন্নয়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

ইসির এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা ব প্রতিষ্ঠান সিটি করপোরেশন এলাকায় কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো ধরনের চাঁদা বা অনুদান দিতে বা অঙ্গীকার করতে পারবেন না। এই নির্দেশনা লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।