কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পরাজয়ের পেছনে স্থানীয় কিছু নেতার হাত রয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ জন্য দায়ী ওই সব নেতার শাস্তির দাবি উঠেছে দলের সম্পাদকমণ্ডলীর সভায়।
গতকাল রোববার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর এ সভা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, এমন একাধিক নেতা প্রথম আলোকে বলেন, নেতাদের বক্তব্য শুনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শাস্তি দেওয়ার এখতিয়ার দলের কার্যনির্বাহী সংসদের। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ১২ এপ্রিল কার্যনির্বাহী সংসদের বৈঠক বসবে।
ওবায়দুল কাদের কুমিল্লা নির্বাচনের প্রচারে অংশ নেওয়া নেতাদের একটি প্রতিবেদন তৈরি করার পরামর্শ দিয়ে বলেন, প্রতিবেদন ও সুপারিশ দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে তুলে ধরা হবে।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। গতকালের বৈঠকের শুরুতে তিনি কুমিল্লার সরকারদলীয় সাংসদ, মন্ত্রী ও স্থানীয় নেতাদের কার কী ভূমিকা ছিল, তা তুলে ধরেন। তখন অন্য নেতারা বলেন, সামনে রংপুরসহ কয়েকটি সিটি করপোরেশনের নির্বাচন হবে। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে সেসব নির্বাচনে দলীয় প্রার্থী পরাজিত হবেন। কেন্দ্রীয় নেতারা প্রচারে যেতে চাইবেন না।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বৈঠকে দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সুনামগঞ্জ ও কুমিল্লার নির্বাচন এবং ভবিষ্যতে আরও কিছু নির্বাচন রয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে। বাকি আলোচনা ও সিদ্ধান্ত হবে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম; দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।