কুমিল্লায় গণসংবর্ধনার তোরণ সরালেন মন্ত্রী
কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের গণসংবর্ধনা উপলক্ষে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করেছিলেন আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা। গত শুক্রবার মন্ত্রী তা দেখে সরিয়ে ফেলার ব্যবস্থা করেন।
জানা যায়, গত ৯ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি ও লাকসাম উপজেলার একটি ইউনিয়ন নিয়ে লালমাই উপজেলা গঠন করা হয়। পরিকল্পনামন্ত্রীর নিজ এলাকায় ওই উপজেলা প্রতিষ্ঠা করা হয়। এ উপলক্ষে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার বিকেল চারটায় তাঁকে সংবর্ধনা দেন। ওই সংবর্ধনা উপলক্ষে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই থেকে জামতলি পর্যন্ত ফেস্টুন ও ব্যানার টাঙানো হয় এবং তোরণ নির্মাণ করা হয়।
গত শুক্রবার রাতে মন্ত্রী ওই সড়ক দিয়ে সংবর্ধনাস্থল জামতলি এলাকায় যাওয়ার সময় তোরণুগুলো দেখেন। একপর্যায়ে তিনি গাড়ি থেকে নেমে তোরণ খুলে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে তাঁর সঙ্গে থাকা লোকজনকে দিয়ে তোরণ খোলার ব্যবস্থা করেন।
এ প্রসঙ্গে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ লালমাই নামে উপজেলা স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য মাননীয় পরিকল্পনামন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার জন্য তোরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, আওয়ামী লীগ নেতা আবু তাহের মজুমদার, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আয়াতুল্লাহ।