কুমিল্লায় পুলিশের বাধায় বিএনপির কর্মী সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় গতকাল বুধবার পুলিশি বাধায় উত্তর জেলা বিএনপির কর্মী সম্মেলন পণ্ড হয়ে গেছে। উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলমের কলেজ সড়কের বাসভবনে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সকালে সম্মেলন শুরু হওয়ার আগেই পুলিশ ওই বাড়ি ঘেরাও করে রাখে। এ পরিস্থিতিতে ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিএনপির কেন্দ্রীয় নেতারা পথ থেকেই ফিরে যান। এ সভায় আসার পথে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী ও তাঁর অনুসারীদের আটকে দেয় পুলিশ। পরে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া দেবীদ্বার উপজেলার জাফরাবাদ এলাকায় পথসভা করেন। ওই কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির তিনজন নেতা দাবি করেন, বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখে সকাল নয়টায় সম্মেলনস্থল থেকে ৫০ গজ দূরে হঠাৎ করে পথসভা শুরু করে ছাত্রলীগ। এর আগে সকাল পৌনে আটটায় সভাস্থল থেকে ৫০০ গজ দক্ষিণে চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পেছনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে নয় বছরের একটি শিশু আহত হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, ‘আওয়ামী লীগ পুলিশ দিয়ে ওই কর্মিসভা বন্ধ করে দিয়েছে।’
চান্দিনা থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, বিএনপি কর্মিসভা করার অনুমতি নেয়নি। ওই সভার জন্য বিএনপি মঙ্গলবার বিকেলে আবেদন করেছিল—দলটির এমন দাবির বিষয়ে তিনি বলেন, সেটা আরও আগেই করা উচিত ছিল।
পথসভায় হামলার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, কর্মিসভা না হওয়ায় তাঁরা জাফরাবাদ এলাকায় অবস্থান নেন। তখন মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করেছে। সেখানে কাউকে লাঠিপেটা করা হয়নি।