কুমিল্লায় ভীতি, প্রচারে পিছিয়ে বিএনপি
>• কুমিল্লার ১১টি আসনে প্রচারণায় সরব আওয়ামী লীগের প্রার্থীরা
• ১১টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৮৫ জন
• প্রতীক বরাদ্দের পর বিএনপির নেতা-কর্মীদের ওপর দুদিন হামলা হয়েছে
প্রতীক বরাদ্দের পর থেকেই কুমিল্লার ১১টি আসনে প্রচারণায় সরব আওয়ামী লীগের প্রার্থীরা। প্রতিপক্ষকে ঘায়েল করতে হামলা–ভাঙচুরের পর এখন পুলিশ দিয়ে মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। ১১টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৮৫ জন।
পুরো নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ছাড়া অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের অনুসারী ও ভোটাররা নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কিত। তবে আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, বিএনপির সাংগঠনিক ভিত্তি নড়বড়ে, দলীয় অন্তঃকোন্দল প্রকট, প্রার্থীরা জনবিচ্ছিন্ন। তাই দোষারোপের রাজনীতি করছেন তাঁরা। উন্নয়নের জন্যই মানুষ নৌকায় ভোট দেবে।
প্রায় সব আসনেই বিরোধী দলের প্রার্থীদের পক্ষ থেকে অভিন্ন অভিযোগ হলো পুলিশ মামলা দিয়ে, গ্রেপ্তার করে হয়রানি করছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলাযোগ্য অপরাধ ছাড়া কারও বিরুদ্ধে মামলা নিচ্ছি না। নির্বাচন কমিশন বলেছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে। আমরা তা করে মামলা দিচ্ছি। মাদকের মাম
লা রুটিনওয়ার্ক। পুলিশ কাউকে হয়রানি করছে না।’
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা)
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ও বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অপেক্ষাকৃত ভালো। ভোটারদের ধারণা, এ আসনে লড়াই হবে সেয়ানে সেয়ানে। সুবিদ আলী বলেন, উন্নয়নের কারণে ভোটাররা আওয়ামী লীগকে বেছে নেবেন। মোশাররফ হোসেনের অভিযোগ, প্রচারের জন্য সবার সমান সুযোগ নেই। আওয়ামী লীগ আতঙ্ক ছড়াচ্ছে। এখানে মোট প্রার্থী আটজন।
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস)
জেলার একমাত্র নারী প্রার্থী সেলিমা আহমাদ, তিনি আওয়ামী লীগের। এখানে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন। সেলিমা গতকাল শুক্রবার নিজ বাড়ি হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রাম থেকে প্রচার শুরু করেন। তিনি বলেন, ‘যেখানে যাই, সেখানেই সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে নদীভাঙন এলাকায় শিল্পকারখানা গড়ে তুলব। নারী ও পুরুষের মধ্যে সমতা গড়ে তুলব।’
বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘হোমনায় চার দিন আগে ১৪৪ ধারা জারি করে আমার দুটি সভা ভণ্ডুল করে দেওয়া হয়।’
জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সাংসদ আমির হোসেনও প্রচারণায় আছেন। এখানে প্রার্থীর সংখ্যা আট।
কুমিল্লা-৩ (মুরাদনগর)
আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন। বিএনপির কে এম মজিবুল হক। সর্বোচ্চ সংখ্যক ১৫ জন প্রার্থী এখানে। তবে প্রচারণায় রয়েছেন বড় দুটি দলের প্রার্থীরা। ১৪ ডিসেম্বর প্রচারের প্রথম দিনেই মুরাদনগর থানার সামনে বিএনপির প্রার্থীর গাড়িতে হামলা হয়। এরপর তাঁর অনুসারীরা প্রতিরোধ করেন। এরপর থেকে তিনি সীমিত পরিসরে প্রচারণায় আছেন। মজিবুল হকের মতে, এটা কোনো নির্বাচনী পরিবেশ নয়।
ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বিএনপির প্রার্থী জনবিছিন্ন হওয়ার নানা অভিযোগ করছেন।
কুমিল্লা-৪ (দেবীদ্বার)
আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল। জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ নিয়ে লড়ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ–রব) আবদুল মালেক রতন। এখানে প্রচারণা নিয়ে কোনো বিশৃঙ্খলা নেই। আওয়ামী লীগ সরব হলেও এখনো প্রচারণায় নামেননি মালেক রতন। তিনি বললেন, দু–এক দিনের মধ্যে নামবেন। তবে বিএনপির প্রার্থী না থাকায় এখানে ওই দলের কর্মীদের মধ্যে তেমন উৎসাহ নেই। এখানে মোট প্রার্থী সাতজন।
কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া)
এ আসনে সাত প্রার্থীর মধ্যে আলোচনায় দুজন। আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী ও বর্তমান সাংসদ আবদুল মতিন খসরু এবং বিএনপির মো. ইউনুস। দুজনেই শক্ত প্রার্থী, চারবারের সাংসদ। মতিন খসরু বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, সেতুসহ সব ক্ষেত্রে আওয়ামী লীগ উন্নতি করেছে। আবার ক্ষমতায় এলে উন্নত বাংলাদেশ গড়বে।
মো. ইউনুস বলেন, ‘কৌশলে প্রচারণা চালাচ্ছি। আওয়ামী লীগ প্রচারণা চালাতে দিচ্ছে না।’
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা)
আওয়ামী লীগের প্রার্থী দুবারের সাংসদ মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট চাইছেন। চাঁদাবাজমুক্ত শান্তির কুমিল্লা গড়ার কথা বলছেন।
প্রতীক বরাদ্দের পর বিএনপির নেতা–কর্মীদের ওপর দুদিন হামলা হয়েছে। ভাঙচুর, সংঘর্ষের ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি শান্ত। তবে পুলিশ গত তিন দিনে আটটি মামলায় যে ২০০ জনকে আসামি করেছে, তাঁরা নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত।
এ আসনে বিএনপির প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উর রশিদ। তাঁর জন্য বড় বাধা দলীয় মেয়র মনিরুল হক সাক্কু। তিনি এখনো প্রচারণায় নামেননি। নামবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বিএনপির প্রার্থী বলেন, ‘জনগণ শান্তিতে ভোট দিতে পারলে ধানের শীষ জিতবে। মেয়রের বাসায় গিয়েছিলাম। তিনি দেখা করেননি। আমার নেতা–কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি, গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ বাড়াবাড়ি করছে।’
এ আসনে আরও দুজন প্রার্থী আছেন।
কুমিল্লা-৭ (চান্দিনা)
মোট আট প্রার্থীর মধ্যে আলোচনায় দুজন—আওয়ামী লীগের আলী আশরাফ ও এলডিপির রেদোয়ান আহমেদ। প্রতীক বরাদ্দের পর দুই প্রার্থীর অনুসারীদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা হয়েছে। এরপর রেদোয়ানের ২০ নেতা–কর্মী গত রোববার জেলে গেছেন। আলী আশরাফ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। রেদোয়ান বলেন, পুলিশ দিয়ে তাঁর নেতা–কর্মীদের হয়রানি করা হচ্ছে।
কুমিল্লা-৮ (বরুড়া)
আওয়ামী লীগের প্রার্থী নাছিমুল আলম চৌধুরী ও বিএনপির জাকারিয়া তাহের। দুজনই এক মেয়াদ করে সাংসদ ছিলেন। ১০ বছর পর তাঁরা আবার মুখোমুখি। তাঁদের গ্রামের বাড়িও একই ইউনিয়নের পাশাপাশি গ্রামে। নাছিমুল বরুড়ার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। জাকারিয়া বরুড়াকে মডেল উপজেলা করার ঘোষণা দেন। বিএনপির অভিযোগ, অস্ত্র ও মাদক দিয়ে মামলা দেওয়া হচ্ছে দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ বলছে, বিএনপি জনবিছিন্ন। তাই ওরা আবোলতাবোল বলছে।
এখানে জাতীয় পার্টির বর্তমান সাংসদ নুরুল ইসলামও মাঠে আছেন। তিনিসহ মোট প্রার্থী নয়জন।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ)
আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলাম, বিএনপির এম আনোয়ার উল আজিম। বিএনপির প্রার্থী গতকাল বললেন, ‘যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে। কৌশলে প্রচার চালাচ্ছি।’ আর আওয়ামী লীগের প্রার্থী বললেন, বিএনপির আগুন–সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ রায় দেবে। এ আসনে মোট প্রার্থী সাতজন।
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট)
আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বিএনপির মনিরুল হক চৌধুরী। বিএনপির প্রার্থী গত ২৪ অক্টোবর থেকে কারাগারে। তাঁর পক্ষে মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক চৌধুরী সায়মা ফেরদৌস গণসংযোগে আছেন। তিনি বলেন, ‘বাবাসহ বিএনপির সাবেক সাংসদ, ২০০৮ সালের দলের প্রার্থীকে জেলে আটকে রেখে আওয়ামী লীগ নির্বাচনী মাঠ সাজিয়েছে। এটা কেমন গণতন্ত্র? কেমন নির্বাচন?’
পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘ক্ষমতায় থাকাকালে মনিরুল হক সদর দক্ষিণ এলাকার মানুষের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছেন। আমাকে, আমার পরিবারের সদস্যদের ও নেতা–কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করেছেন। জেল খাটিয়েছেন। জনগণ এর বিরুদ্ধে রায় দেবে। আমি এখানকার গ্রামকে শহরে পরিণত করব। শতভাগ বিদ্যুৎ দিয়েছি। সামনে সব অবকাঠামো করে দেব।’ এ আসনে মোট প্রার্থী সাতজন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)
আওয়ামী লীগের প্রার্থী রেলপথমন্ত্রী মুজিবুল হক। আর জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ধানের শীষ নিয়ে লড়ছেন। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আগুনে পুড়িয়ে আটজন হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তিনি। তাঁর বিরুদ্ধে ২২টি মামলা আছে। তিনি আত্মগোপনে থেকে মুঠোফোনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
মুজিবুল হক বলেন, চারদলীয় জোট সরকারের আমলে আওয়ামী লীগের বহু নেতা–কর্মীকে হত্যা করেছে জামায়াত। হামলা–মামলা দিয়ে বাড়িঘরে থাকতে দেয়নি। স্বাধীনতাবিরোধীদের চৌদ্দগ্রামের মানুষ প্রত্যাখ্যান করবে।
এখানে আরও তিনজন প্রার্থী আছেন।