কুমিল্লায় যুদ্ধ করে বিজয় আনতে হয়েছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকত, তাহলে বিএনপিকে এভাবে যুদ্ধ করতে হতো না।
গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু সস্ত্রীক খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। কুমিল্লার নির্বাচনে ক্ষমতাসীনেরা যদি জোরজবরদস্তি না করত, তাহলে মনিরুল হক সাক্কু কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিততেন। তিনি দলের নেতা-কর্মীদের কুমিল্লার মতো ঐক্যবদ্ধ ও যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মালয়েশিয়া পার্লামেন্টের প্রতিনিধিদলের সাক্ষাৎ
এর আগে সন্ধ্যায় ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে আসা মালয়েশিয়া পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করে। তাঁরা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জাহ আনোয়ার।