কুমিল্লায় শুরুতেই এগিয়ে ধানের শীষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঞ্জুম সুলতানা সীমা ও  মনিরুল হক সাক্কু
আঞ্জুম সুলতানা সীমা ও মনিরুল হক সাক্কু

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এখন চলছে ভোট গণনা। ১০৩টি ভোটকেন্দ্রের মধ্য ৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু এগিয়ে আছেন।

ধানের শীষ প্রতীকে মনিরুল হক ২৭ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ২০ হাজার ৭৩৩ ভোট।

কুমিল্লা সিটি করপোরেশনের মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ জন আর নারী ১ লাখ ৫ হাজার ১১৯ জন। এই ভোটারদের মধ্যে অন্তত ৩৮ হাজার সংখ্যালঘু ও ৩০ হাজার নতুন ভোটার।

কুমিল্লা সিটি করপোরেশনে ওয়ার্ড ২৭টি। ১০৩টি ভোটকেন্দ্রের ৬২৮টি বুথে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে ৭৬০ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। ১ হাজার ৬৭৮ জন পুলিশ, ১ হাজার ২৩৬ জন আনসার, র‍্যাবের ৩৩৮ ও বিজিবির ৬০০ জন সদস্য, ২৭টি ওয়ার্ডে ৩৬ জন নির্বাহী হাকিম ও বিচারিক হাকিম দায়িত্ব পালন করেন।