কুমিল্লায় সুষ্ঠু নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব তালুকদার
মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনে করেন, কুমিল্লায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে। প্রার্থীরা সবাই এ ব্যাপারে আশাবাদী। তা ছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বাহিনী ও সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে অবিচল।
গতকাল শনিবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার পর তাঁর তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথম আলোকে মাহবুব তালুকদার বলেন, ‘এখন পর্যন্ত কুমিল্লায় যে পরিবেশ দেখেছি, তাতে মনে হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে।’
নির্বাচনের পরিবেশ কেউ ব্যাহত করার চেষ্টা করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চেষ্টা করলেও সফল হবে না। বিভিন্ন সংস্থার বাহিনীর কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে পরিকল্পনা ও কর্মসূচি উপস্থাপন করেছেন, তাতে আমাদের আশ্বস্ত হওয়ার যথেষ্ট কারণ আছে।’
মাহবুব তালুকদারকে বললাম, তারপরও তো কিছু অভিযোগ এসেছে। জবাবে কমিশনার বলেন, ‘আমরা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। কাউকে হয়রানি করা যাবে না। আশা করি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। কারও গাফিলতি বা পক্ষপাত সহ্য করা হবে না।’
গতকালের মতবিনিময় সভায় কমিশনার মাহবুব তালুকদার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলেছেন তা হলো, যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে, সে জাতি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন?