ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দাপট, অস্ত্রের ব্যবহার ও বহিরাগত ব্যক্তিদের উপস্থিতির কারণে ইউপি নির্বাচনের পঞ্চম পর্বে কুমিল্লার ৩৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। নাঙ্গলকোট, হোমনা, মেঘনা, তিতাস ও বুড়িচংয়ের ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে এমনই ধারণা পাওয়া গেছে।
৩৪টি ইউনিয়নের ৩১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫৫টিকে ইতিমধ্যেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত বৃহস্পতিবার তিতাস ইউনিয়নের মজিদপুর ইউনিয়নে শাহপুর বাজারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষে ১৭ গুলিবিদ্ধ হয়। আহত ব্যক্তিদের অধিকাংশই জাতীয় পার্টির সমর্থক। একই দিনে কলাকান্দি ইউনিয়নের কাউরিয়ার চর গ্রামে বোমা বানাতে গিয়ে একজনের হাতের কবজি উড়ে গেছে এবং অন্যজনের চোখ নষ্ট হয়ে গেছে।
কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ২৫৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রেই পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। বিজিবি-র্যা ব মোতায়েন থাকবে।
মেঘনার আটটি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং তাঁদের প্রত্যেকেই শক্তিশালী। নির্বাচনকে ঘিরে দুই-তিন দিন ধরে এলাকায় বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি বেড়েছে বলে স্থানীয় ভোটাররা অভিযোগ করেছেন। এ কারণেই এখানকার ৭২টি ভোটকেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করা হয়েছে।
মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই বহিরাগত ব্যক্তিদের উপস্থিতির অভিযোগ তুলছেন।
তিতাসে ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতে আওয়ামী লীগের ১৩ জন বিদ্রোহী প্রার্থী আছেন। কুমিল্লায় গত চার ধাপের নির্বাচনে দেখা গেছে, অনেক জায়গায় চেয়ারম্যান পদে ভোটাররা ভোট দিতে পারেননি। এবার নাঙ্গলকোটে তেমনটা ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয় ভোটার মাহমুদুল হক বলেন, এখানে ভোট শুরুর আগেই চেয়ারম্যান পদে ভোট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
হোমনার ৯টি ইউনিয়নের মধ্যে মাথাভাঙ্গা, দুলালপুর ও জয়পুর ইউনিয়নে সহিংসতাও ভোট কারচুপির আশঙ্কা করছেন ভোটাররা। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন ভুঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘সরকারি দলের লোকজনের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে আতঙ্কে আছি। কয়েক দিন ধরে এলাকায় বহিরাগত ব্যক্তিদের আনাগোনা বেড়ে গেছে। মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে গোলাগুলিতে আমার ২৫ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগের লোকজন ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে দেবে কি না তা নিয়ে আমার সংশয় আছে।’
কুমিল্লা তিতাস উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মহসীন ভুঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, যত অভিযোগ থাকুক সুষ্ঠু নির্বাচন হবে। স্থানীয় সাংসদ ভোটের পরিবেশ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য দিচ্ছেন।