কুলাউড়া ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও স্বার্থরক্ষায় জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কুলাউড়া উপজেলা ও এর অন্তর্ভুক্ত সব ইউনিয়ন, স্কুল, কলেজ ও মাদ্রাসা কমিটি বিলুপ্ত করা হলো।
দলীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দুটি কমিটি পৃথকভাবে দলীয় কার্যক্রম চালাচ্ছিল। এর মধ্যে একটি কমিটির নেতৃত্বে জাহাঙ্গীর আলম ও অপরটির নেতৃত্বে কামরুল বক্স ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানেও দুটি পক্ষের অনুমোদিত পৃথক কমিটি ছিল।
সংগঠনের একাংশের উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আগের জেলা কমিটি তাঁদের কমিটি অনুমোদন করেছে। এ কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। বর্তমান জেলা ছাত্রলীগের এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এ অবস্থায় সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী কমিটির সভা না করে কোনো কমিটি বিলুপ্ত করতে পারেন না। এটা সংগঠনের গঠনতন্ত্রবিরোধী বলে তিনি দাবি করেন।আরেক অংশের উপজেলা কমিটির আহ্বায়ক কামরুল বক্স বলেন, সংগঠনের স্বার্থে জেলা ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, গঠনতন্ত্র মেনেই কুলাউড়ায় ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই সেখানে নতুন কমিটি গঠনে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।