কুলাউড়ায় আ.লীগের কাউন্সিল নিয়ে উত্তেজনা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে গতকাল শনিবার দুটি পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রশাসন এক ঘণ্টার জন্য কাউন্সিল অনুষ্ঠান স্থগিত করে।
দলীয়, প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টায় টিলাগাঁও বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি সৈয়দ রশিদ আলী ও সাধারণ সম্পাদক আবদুল মালিক দলের দ্বিবার্ষিক কাউন্সিল ডাকেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মালিকের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে কাউন্সিলের বিরোধিতা করে স্লোগান দেওয়া শুরু করেন। তখন সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরাও কাউন্সিলের পক্ষে স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) একটি দল ঘটনাস্থলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেন সেখানে গিয়ে মাইকে এক ঘণ্টার জন্য কাউন্সিল অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে টিলাগাঁও বাজারের একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে সৈয়দ রশিদ আলীর সভাপতিত্বে কাউন্সিল শুরু হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিন। কাউন্সিলে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দলের টিলাগাঁও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে নতুন করে সভাপতি পদে সৈয়দ রশিদ আলী ও সাধারণ সম্পাদক পদে আবদুল মালিকের নাম ঘোষণা করেন।
টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মালিক বলেন, ‘সভাপতি (রশিদ আলী) ও সেক্রেটারি (আবদুল মালিক) কাউন্সিলরদের মনগড়া তালিকা করেছেন। সিনিয়র নেতারা অনুষ্ঠানের চিঠি পাননি। তাই নেতা-কর্মীরা কাউন্সিলের বিরোধিতা করেছেন।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালিক কাউন্সিলরদের মনগড়া তালিকা তৈরি করার অভিযোগ অস্বীকার করে বলেন, বহিরাগত কিছু লোক এসে অনুষ্ঠান (কাউন্সিল) বানচালের চেষ্টা চালিয়েছিল। সেটা সফল হয়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানকে কেন্দ্র করে দলের দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।