কুলাউড়ায় ছাত্রদলের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গাজী মারুফের ৪ ডিসেম্বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে আবদুল মুহিতকে আহ্বায়ক করে কুলাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন করে জেলা কমিটি। পরে এ কমিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন শুরু করে। এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর উপজেলার হাজীপুর ইউনিয়নে কমিটি গঠন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে শুধু কুলাউড়া উপজেলা ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো।
স্থগিত কুলাউড়া উপজেলা ছাত্রদলের কমিটির আহ্বায়ক আবদুল মুহিত বলেন, ‘আমরা সাত-আটটি ইউনিয়নে কমিটি গঠন করে ফেলেছি। হাজীপুর ইউনিয়নে জেলা ছাত্রদলের নেতাদের পছন্দের লোকেরা কমিটিতে না আসায় তাঁরা সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে বলে জেনেছি।’