মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুস সহিদ কয়েকটি কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তিনি গত শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
এদিকে শনিবার বিকেলে কর্মধার রাঙ্গিছড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা করে ফল নিয়ন্ত্রণকক্ষে নিয়ে আসার পথে হামলায় পুলিশের এক কর্মকর্তা ও দুই সদস্য আহত হন। এ ঘটনায় আবদুস সহিদসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করে রাতে মামলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কাছে আবদুস সহিদের দেওয়া অভিযোগে বলা হয়েছে, রাঙ্গিছড়া কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭২৬ জন। সেখানে ১ হাজার ৮৩৫টি ভোট নেওয়া হলেও সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ফলাফলে তা ২ হাজার ১৬২ দেখান। একইভাবে বুধপাশা ও হাসিমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও গ্রহণ করা ভোটের চেয়ে ফলে বেশি দেখানো হয়। এসব কেন্দ্রে কারচুপি করে ভোট বাড়ানো হয়েছে। তাই এসব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানানো হয়।
তবে রাঙ্গিছড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী, বুধপাশার বিহিত রঞ্জন দেব ও হাসিমপুর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহ গিয়াস উদ্দিন ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহ্ নেয়াজ গতকাল বলেন, তিনি চেয়ারম্যান প্রার্থীর আবেদন পেয়েছেন। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন।
থানা-পুলিশ সূত্রে জানায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ভোট গণনা শেষে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুস সহিদের ৫০০-৬০০ জন সমর্থক রাঙ্গিছড়া কেন্দ্রে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের ঘেরাও করেন। খবর পেয়ে একদল পুলিশ গিয়ে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে ব্যালট বাক্স ও নির্বাচনের ফলাফল নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে রওনা দেয়। পথে সহিদের সমর্থকেরা পুলিশ ও নির্বাচনী সরঞ্জামবাহী গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কুলাউড়া থানার এসআই নূর হোসেন বলেন, ইয়াছির আরাফাত ফাহাদ নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা গা-ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।