কুষ্টিয়ায় আ.লীগ-বিএনপির পাল্টা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বড় দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ওই দিন কুষ্টিয়া শহরের বেশির ভাগ জায়গায় আওয়ামী লীগ সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিএনপিও পাল্টা কর্মসূচি দিয়েছে।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান প্রথম আলোকে, ‘বাংলাদেশের কোথাও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেওয়া উচিত না। তবে পরিষ্কার কথা, কুষ্টিয়াতে করতে দেওয়া হবে না।’ এর জবাবে জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ বলেন, ‘ওই দিন শহরে কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে, মাঠে নামতে দেবে না কেন, মাঠে নামলে যদি কনফ্রাংটেশন (মোকাবিলা) হয়, হবে।’

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিমের ভাষ্য, জননিরাপত্তায় যেন হুমকি না হয়, সে ব্যাপারে পুলিশ সবকিছু প্রয়োগ করবে। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, কোনো দলই এখনো পর্যন্ত সভা-সমাবেশের ব্যাপারে কোনো অনুমতি নেয়নি।

৫ জানুয়ারির কর্মসূচি নিয়ে বিকেলে বিএনপি, আওয়ামী লীগ ও দল দুটির সহযোগী সংগঠনের প্রায় ১০ জন শীর্ষ নেতার সঙ্গে কথা হয়। বিএনপি বলছে, গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি হিসেবে ৫ জানুয়ারি কুষ্টিয়া শহরে কালো পতাকা মিছিল করবে। এ ছাড়া সভা-সমাবেশসহ অন্যান্য কর্মসূচি হবে কি না, সে ব্যাপারে আজ বিকেলে দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক আছে।

আওয়ামী লীগ বলছে, ৫ জানুয়ারি সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বড়বাজার রেলগেট, মজমপুর রেলগেট, চৌড়হাস মোড়, বকচত্বর, শাপলা চত্বরসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একাধিক সভা-সমাবেশ হবে। বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

তবে প্রধান দুই দলের এতসব কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল ও উদ্বেগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের প্রাণকেন্দ্র বকচত্বরে অবস্থিত একাধিক দোকানি জানান, ওই দিন দোকান খুলবেন কি না, তা নিয়ে তাঁদের মনে সংশয় দেখা দিয়েছে।