কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় দুই পক্ষের লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে জামরুল ইসলাম, সামাদ আলী, কামরুল ইসলাম, বুলবুল ইসলাম, রনি, মতিন, ইদ্রিস আলী ও আমিরুল বিশ্বাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ধারের টাকা আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়েও এ ঘটনা ঘটে থাকতে পারে। উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।