কুষ্টিয়া আইনজীবী সমিতির নেতৃত্বে সিরাজ-জহুরুল
উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন ২০১৭-১৮ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা আইনজীবী সমিতির ভবনে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। রাত সাড়ে নয়টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ আইনজীবী এস এম আনসার আলী ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে সভাপতি পদে সিরাজ-উল-ইসলাম ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন। তিনি ঢাকা ‘ল’ কলেজের অধ্যক্ষ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী বর্তমান সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। তিনি পেয়েছেন ১৭৬ ভোট।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৩৭১ জন ভোটারের মধ্যে ৩৬০ জন তাঁদের ভোট প্রদান করেন।