কুষ্টিয়া শহর আ.লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা কমিটি।
গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম বলেন, সম্প্রতি ইন্টারনেটে মোমিজের আপত্তিকর ভিডিও প্রকাশ পেয়েছে। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু মার্কেটে দলীয় কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এক সভায় মোমিজকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব পেলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গতকাল মঙ্গলবার দেশের দুটি জাতীয় দৈনিকে ইন্টারনেটে মোমিজের আপত্তিকর ভিডিও প্রকাশের প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে ওই দুটি পত্রিকা কুষ্টিয়া জেলার পাঠকের হাতে পৌঁছানোর আগেই মোমিজের লোকজন পত্রিকার বান্ডেলগুলো এজেন্টদের কাছ থেকে বেশি টাকা দিয়ে কিনে নেয়।
অভিযোগের ব্যাপারে জানতে মোমিনুর রহমান মোমিজের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।