কুষ্টিয়া শহরে প্রধান সড়ক বন্ধ করে যুবলীগের সভা
কুষ্টিয়া শহরের ব্যস্ততম নবাব সিরাজউদদৌলা সড়ক বন্ধ করে গতকাল সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা যুবলীগ। অনুষ্ঠানের জন্য বেলা তিনটা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে চরম দুর্ভোগে পড়ে শহরবাসী।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবলীগের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠান উপলক্ষে শনিবার রাত থেকে মিশন স্কুলের সামনে নবাব সিরাজউদদৌলা সড়কের ওপর বাঁশখুঁটি দিয়ে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়। ৫০ ফুট চওড়া সড়কের ৪০ ফুট জায়গায় মঞ্চ ও প্রায় ২০০ ফুট দীর্ঘ জায়গাজুড়ে প্যান্ডেল করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী রোববার দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, ‘জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, এই মুহূর্তে রাস্তা বন্ধ করে কিছু করা ঠিক হবে না। পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠান করার কথা বললেও আমাদের অগোচরে তারা স্থান নির্ধারণ করেছে।’
অবশ্য জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম দাবি করেন, বৃষ্টির কারণে সব মাঠেই পানি ছিল। তাই বাধ্য হয়ে সড়কের ওপর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার গণমাধ্যমে জেলা যুবলীগের পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার সকালে ট্রাফিক পরিদর্শক ইলিয়াস হোসেন বলেন, ‘কে কার অনুমতি নেয়। গাড়িগুলো মিশন স্কুলের সামনে গিয়ে আটকা পড়বে, এ জন্য বিকল্প সড়কে যাওয়ার কথা বলা হচ্ছে।’
গতকাল সড়ক বন্ধ থাকায় চরম বেকায়দায় পড়েন সাধারণ মানুষ। তবে বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করে ট্রাফিক পুলিশ। বিকেল চারটায় সভা শুরু হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরসহ জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা সভায় যোগ দেন। প্যান্ডেলের পাশেই ফায়ার সার্ভিসের কার্যালয়। অনুষ্ঠানের আগেই আগুন নেভানোর সব গাড়ি ৪০০ গজ দূরে কুষ্টিয়া পৌরসভার ভেতরে নিয়ে রাখা হয়।
যুবলীগের অনুষ্ঠান উপলক্ষে সড়কের দুই পাশের ছোট-বড় দুই শতাধিক দোকান গতকাল বেলা দুইটা থেকে বন্ধ ছিল। ব্যবসায়ীরা অভিযোগ করেন, স্বাধীনতার পর সড়কজুড়ে এভাবে কোনো রাজনৈতিক দল সভা-সেমিনারের আয়োজন করেনি। পাশেই বেশ কয়েকটি মাঠ থাকলেও কেন সড়ক দখল করে সভার আয়োজন করা হলো, তা বোধগম্য নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের এক পরিচালক বলেন, রোববার বিকেলে যুবলীগের কয়েকজন নেতা দোকান বন্ধ রাখার অনুরোধ করেন। সাময়িক বন্ধের জন্য তাঁরা দুঃখ প্রকাশও করেন। এক দিন দোকান বন্ধ রাখায় ব্যবসায়ীদের প্রায় ৩০-৪০ লাখ টাকা লোকসান হয়েছে।