কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আওয়ামী লীগের পক্ষ দুটির মধ্যে একটির নেতৃত্বে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন। অন্যটির নেতৃত্বে আছেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলী।
নিহত দুজন হলেন মাজপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে ইমান আলী (৩৫) ও বৈদ্যনাথপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৮)। তাঁরা দুজনই কেরামত আলীর পক্ষের লোক।
সরেজমিনে জানা যায়, গত জুনে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলীর কাছে পরাজিত হন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন। ওই নির্বাচনের পর থেকে গোটা ইউনিয়নে আধিপত্য বিস্তারের লড়াইয়ে অবতীর্ণ হন এই দুই নেতা। এরই জের ধরে তাঁদের সমর্থকদের মধ্যে প্রায়ই বিরোধ ও সংঘর্ষ চলতে থাকে। সর্বশেষ গত এক সপ্তাহে মাজপাড়া, আলীনগর, কাশিনাথপুর, উদয়নগর, হাতিয়া ও ঝাউদিয়া গ্রামে ছয়টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
মাজপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, কাশিনাথপুর, বৈদ্যনাথপুর ও ঝাউদিয়া গ্রাম থেকে কেরামত আলীর কয়েক শ সমর্থক গতকাল সকাল ছয়টার দিকে জোট বেঁধে মাজপাড়া গ্রামে ঢোকেন। সেখানে বখতিয়ার হোসেনের সমর্থক ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাজপাড়া গ্রামের ইউপি সদস্য আবদুল মজিদ তাঁদের বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানে ছয়-সাতটি গুলির শব্দও হয়। এতে কেরামত আলীর পক্ষের ইমান আলী পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার ১০ মিনিট পরই মারা যান শাহাবুদ্দিন। সংঘর্ষের সময় গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় কয়েকজনকে আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন স্থানীয় লোকজন।
দুপুরে ইমান আলীর বাড়িতে গিয়ে এক হৃদয়বিদারক পরিস্থিতি দেখা যায়। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। উঠানে চৌকির ওপর পাটিতে জড়ানো লাশটি পলিথিনে ঢাকা ছিল। পাশেই বৃষ্টিতে ভিজে মা ইলাজী খাতুন কাঁদছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোটের কারণেই আমার ছেইলি চইলি গেল। মজিদ আর বখতিয়ারকে ধরতে পারলি এলাকার মানুষ শান্তিতে থাইকতে পারত।’
এক প্রত্যক্ষদর্শী নারী জানান, গুলি লাগার পর ইমান আলী দৌড়ে তাঁর এক ভাইয়ের ঘরে পালিয়ে ছিলেন। সেখানে ঘরের দরজা ভেঙে তাঁকে কোপানো হয়। মাটির সেই ঘরের মেঝেতে রক্তের ছোপ দেখা গেছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এক সপ্তাহ ধরে এই ইউনিয়নে তাণ্ডব চলছিল। এলাকার মানুষ বিষয়টি জানালেও পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম নামের একজন বলেন, গেল ইউপি নির্বাচনে তাঁরা কেরামত আলীর পক্ষে ভোট দিয়েছিলেন। এ নিয়ে আবদুল মজিদ ক্ষিপ্ত হন। ভোটের পর থেকে মজিদ বিভিন্ন সময়ে তাঁদের ভয়ভীতি দেখিয়ে ও নির্যাতন চালিয়ে আসছিলেন।
মাজপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহত মো. ইসলাম বলেন, তাঁরা বেশ কয়েকটি পরিবার এক সপ্তাহ ধরে বাড়িছাড়া ছিলেন। গতকাল সকালে বাড়ি ফেরার সময় মজিদসহ তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, লাশ দুটি মর্গে আছে। রোববার (আজ) সকালে ময়নাতদন্ত হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদের মুঠোফোনে অনেকবার ফোন করেও সেটি বন্ধ পাওয়া যায়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন অভিযোগ করেন, কেরামত আলী স্থানীয় জামায়াত ও বিএনপির সমর্থকদের সঙ্গে নিয়ে তাঁর লোকজনের ওপর অত্যাচার করছেন। এর জের ধরেই রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে কেরামত আলীর পাল্টা অভিযোগ, বখতিয়ার ও তাঁর পক্ষের আবদুল মজিদ এলাকায় তাঁর (কেরামত) সমর্থকদের ওপর নির্যাতন চালাচ্ছেন। তাঁদের হামলায় তাঁর দুজন সমর্থক নিহত হয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, হত্যা-পরবর্তী ঘটনায় কোনো আটক নেই। এ ব্যাপারে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।