নির্বাচন কমিশন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জহির রায়হান এই চিঠির সত্যতা নিশ্চিত করেন। ২৮ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। তিনি বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করার ঘোষণা দিয়ে একটি চিঠি জেলা প্রশাসকের ফেসবুক পাতায় দেওয়া হয়। জেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা নেই। তবে নির্বাচন কমিশন শুধু চেয়ারম্যান পদে নির্বাচন বন্ধের নির্দেশনা দিয়েছেন।
কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলাম ও কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হঠাৎ করে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হওয়ায় দুই প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে হতাশা দেখা গেছে।