উচ্চ আদালতের রায়ে কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন গোলাম মহসিন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহির রায়হানের কাছে গতকাল শনিবার এ-সংক্রান্ত চিঠি পৌঁছেছে।
এদিন গোলাম মহসিনকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলামকে আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা জহির রায়হান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে গোলাম মহসিনের মনোনয়ন বৈধ। তাঁকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হোক।’
এদিকে গোলাম মহসিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পাওয়ায় কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় নির্বাচনে মোট ভোটার রয়েছে ৯৪৪ জন। বিএনপি-সমর্থিত জনপ্রতিনিধি রয়েছে প্রায় ১২০ জন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-সমর্থিত জনপ্রতিনিধি প্রায় ৭০ জন। অন্য দলের রয়েছে প্রায় ২০ জন। বাকিরা আওয়ামী লীগ সমর্থিত।