কুষ্টিয়ায় শ্রমিক আটকের প্রতিবাদে তিন মহাসড়ক অবরোধ
চাঁদা তোলার অভিযোগে আটজন পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে কুষ্টিয়া তিনটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে কুষ্টিয়া-রাজবাড়ি, কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী তিনটি মহাসড়কে আড়াআড়িভাবে ট্রাক রেখে অবরোধ করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক দিয়ে যাতায়াত করা যাত্রীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মহাসড়কে ট্রাক থামিয়ে অবৈধভাবে চাঁদা তোলার কারণে গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর উপজেলার গত রাতে তালবাড়িয়া এলাকা থেকে আটজন পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে। এর প্রতিবাদেই শ্রমিকেরা আজ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তবে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের একটু আগে তুলে নিয়েছে। বাকি মহাসড়ক দুটির অবরোধও তুলে নিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
এ ব্যাপারে শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।