কুষ্টিয়ায় ১৮ নেতা-কর্মীকে আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হোসেন জাফরসহ ১৮ জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান তাঁর নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান। 

বহিষ্কৃত নেতা-কর্মীরা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কার গঠনতন্ত্রবিরোধী।
সাময়িকভাবে বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য জাহিদ হোসেন জাফর, সদস্য জয়নাল আবদিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, যদুবয়রা ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি হুরমত আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহসভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল ইসলাম, রাশেদুজ্জামান তুষার, রবিউল আওয়াল, পৌর যুবলীগের আহ্বায়ক তুহিন শেখ, যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম আলম, সদস্য কামরুজ্জামান, বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন ও সদস্য জাহাঙ্গীর আলম।
আবদুল মান্নান খান বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ও বিদ্রোহী প্রার্থী হওয়া এবং নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাঁদের সাময়িক বহিষ্কার করা হলো।
এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর সাংবাদিকদের বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। এ ধরনের বহিষ্কার গঠনতন্ত্রবিরোধী।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।