
যেন এক মহোৎসব। শহরের পথে পথে কয়েক গজ পরপর সুশোভিত তোরণ। দুই পাশ দিয়ে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার। সন্ধ্যার পর জ্বলে উঠছে রঙিন বাতি। তার রোশনাইয়ে ঝলমলে চারপাশ। বিরতিহীন মাইকে প্রচার চলছে সারা দিন শহরজুড়ে। কুড়িগ্রাম শহরটার চেহারাই বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার এখানে আসবেন। তাঁকে অভ্যর্থনা, অভিনন্দন জানাতেই এই আয়োজন।
গত রোববার রাত সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাস থেকে নামতেই চারপাশে মিটমিট করে জ্বলতে থাকা রঙিন বাতির আলোয় শহরটাকে উৎসবের মেজাজেই মনে হলো। তোরণগুলোর দেখা মিলেছে অবশ্য আরও আগে। কুড়িগ্রাম-রংপুর আন্তজেলা সড়কের মোস্তফি নামের যে মোড় থেকে সড়ক দুভাগ হয়ে একটি লালমনিরহাট ও অন্যটি কুড়িগ্রামের দিকে গেছে, তোরণ শুরু হয়েছে সেখান থেকেই। মোস্তফি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কুড়িগ্রাম শহর পর্যন্ত তোরণ নির্মাণ করা হয়েছে পঞ্চাশটিরও বেশি। যদিও প্রধানমন্ত্রী এই সড়কে আসবেন না বলে জানা গেছে।
গতকাল সোমবার দিনের আলোয় সব দেখে অনায়াসে কুড়িগ্রামকে এখন তোরণের শহর বলা যায়। সার্কিট হাউস, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়, জজকোর্ট, কলেজ রোড, ঘোষপাড়া, স্টেডিয়ামের সামনের এলাকায় তোরণ নির্মাণ করা হয়েছে কয়েক গজ পরপর। অন্যান্য পথেও তোরণ আছে, চলছে আরও নতুন তোরণ নির্মাণ ও বিলবোর্ডের মতো বড় বড় ডিজিটাল প্রিন্টের পোস্টার, ব্যানার তৈরির কাজ।
শহরের ডেকোরেটর মালিক-শ্রমিকদের দম ফেলার ফুরসত নেই। গত শনিবার থেকে তোরণ তৈরির কাজ নিয়ে রাত-দিন তাঁরা ব্যস্ত। এত তোরণ তৈরি করতে গিয়ে কাপড় ফুরিয়ে গেছে। থানের পর থান কাপড় কিনতে হচ্ছে। জেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে তোরণ নির্মাণ করছিলেন আল-আমিন ডেকোরেটরের কর্মীরা। উপস্থিত থেকে তদারক করছিলেন মালিক আল-আমিন। জানালেন, ১৬টির মতো তোরণ করেছেন তিনি। আরও ৪-৫টির বায়না আছে। নতুন তোরণ তৈরি করতে গিয়ে লাল, সাদা, হলুদ রঙের পলিয়েস্টার কাপড়ের ৫-৭টি করে থান কিনতে হচ্ছে। ৩০ গজের এসব থানের দাম ৭৭০ টাকা। তোরণ তৈরির জন্য মজুরি নিচ্ছেন আকার ও সাজসজ্জা অনুসারে তিন থেকে সাত হাজার টাকা পর্যন্ত। তাঁরা বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে তোরণ তৈরি করে দেন। তোরণের সঙ্গে লাগানোর জন্য ডিজিটাল প্রিন্টের ব্যানার ও আয়োজক সংগঠন বা নেতাদের ছবি আয়োজকেরাই সরবরাহ করেন।
তহুরা ডেকোরেটরের ব্যবস্থাপক কাজল সরকার জানালেন, তাঁদের ডেকোরেটর দায়িত্ব পেয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর বক্তৃতার মূলমঞ্চ সাজানোর। শহরের ডেকোরেটরের সংখ্যা প্রায় ২০টি। তাদের হিসাবে দুই শতাধিক তোরণ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এসব তোরণ তৈরি করেছেন জেলার ও উপজেলাগুলোর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সরকারি ও বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং অনেকে ব্যক্তিগতভাবে। শুধু শহরেই নয়, জেলার আটটি উপজেলা থেকে শহরে আসার সড়কগুলোতেও অসংখ্য তোরণ করা হয়েছে। যদিও এসব তোরণ শোভিত সড়ক প্রধানমন্ত্রীর যাত্রাপথের অন্তর্ভুক্ত নয়।
সার্কিট হাউস রোডে কথা হলো ৭৫ বছর বয়সের হাবির রহমানের সঙ্গে। স্মৃতি হাতড়ে বললেন, ‘এই শহরত এমন সাজগোজ জীবনে আগোত দেখি নাই বাহে।’ চিলমারী থেকে শহরে আসা কৃষক আজিজুল হক বললেন, ‘সাজাগোজা তো ভালোই নাগবার নাগছে। কিন্তুক পরপর একবার দুবার বন্যায় যে মার খানু সেই কথাখান প্রধানমন্ত্রীর কাছে লেইখেন। হামাকেরে জন্য তিনি কিছু করবেন না?’
সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা গেল, বিশাল কর্মযজ্ঞ। মাঠটিও বিশাল। পূর্ব প্রান্তে চলছে নৌকা আকৃতির মঞ্চ তৈরির কাজ। তদারক করছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কথা হলো দলের জেলা সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. জাফর আলীর সঙ্গে। তাঁরা জানালেন নৌকাটি হচ্ছে ১৫০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া। মাঝখানে ছাউনি দিয়ে প্রধানমন্ত্রী ও অতিথিদের বসার জন্য মূল মঞ্চটি করা হচ্ছে ৪৯ ফুট বাই ৩০ ফুট মাপের। তাঁরা জানালেন, ২০১০ সালের ৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ কুড়িগ্রাম সফর করেন। এই মাঠে বক্তব্য দেন।
নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা আশা করছেন, এবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেবেন। এ ছাড়া কুড়িগ্রাম-চিলমারী-ঢাকা ট্রেন সার্ভিস চালু করা, সোনাহাট স্থলবন্দর সেতু নির্মাণ, সোনাহাট-রংপুর আন্তজেলা সড়ক নির্মাণ এসব তাঁদের প্রধান চাওয়া।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা থেকে হেলিকপ্টারে ফুলবাড়ীতে আসবেন। সেখানে পূর্বতন ছিটমহল দাশিয়ারছড়ায় বিদ্যুৎ-সংযোগ কেন্দ্রের উদ্বোধন ও ‘মুজিব-ইন্দিরা দাশিয়ারছড়া ইউনিয়ন পরিষদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখান থেকে হেলিকপ্টারেই আসবেন কুড়িগ্রাম শহরে। সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতির পর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় ভাষণ দিয়ে ঢাকায় ফিরবেন।