কুড়িগ্রামে গিয়ে শেষ হলো বাসদের রোডমার্চ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রোডমার্চ গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রামে গিয়ে শেষ হয়েছে। ‘নদী বাঁচাও-কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে বাসদের (মার্কসবাদী) রোডমার্চ গতকাল রংপুর থেকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌঁছায়। এরপর বর্ণাঢ্য এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‘আন্তনদী সংযোগ প্রকল্পের নামে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত রুখে দাঁড়ান, ভারত কর্তৃক অভিন্ন নদীর পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির বিরুদ্ধে সোচ্চার হোন’—এই স্লোগান নিয়ে ২ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে এই রোডমার্চ শুরু হয়। চার দিন পর গতকাল বিকেলে সেটি কুড়িগ্রামে গিয়ে শেষ হয়।
বিকেল পাঁচটায় কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা বাসদ সমাপনী সমাবেশের আয়োজন করে। এতে বক্তারা বলেন, শুধু ভারত নয়, ব্রহ্মপুত্র নদের পানি চীন সরিয়ে নিচ্ছে।
ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তা ও পদ্মা অববাহিকায় নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। উজানে ভারত ব্যারেজ নির্মাণ করে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত চালাচ্ছে। দেশটি রামপাল বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য ও ট্রানজিট-ট্রান্সশিপমেন্টসহ সব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে চলেছে। এর বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী। জেলা বাসদের সমন্বয়ক মহির উদ্দিন মহিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ওবায়দুল্লাহ মুসা, ফকরুদ্দিন আতিক, আঞ্চলিক নেতা আহসানুল হাবীব সাঈদ, মঞ্জুর আলম প্রমুখ।