কূটনীতিকদের কাছে বিএনপির অভিযোগ
পৌরসভা নির্বাচনে কারচুপির আশঙ্কা কথা বিদেশি কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। দলটি কূটনীতিকদের বলেছে, ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মতো পৌর নির্বাচনও একতরফা করার চেষ্টা করছে সরকার।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি এই অভিযোগ করে। বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন অস্ট্রেলিয়া, নেপাল, তুরস্ক, সুইডেন, জাপান, পাকিস্তান, ভারতসহ কয়েকটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বেশির ভাগ দেশের রাজনৈতিক অ্যাটাশে এই বৈঠকে অংশ নেন বলে তাঁরা জানিয়েছেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পৌরসভা নির্বাচনে নিয়ে কূটনীতিকদের সঙ্গে তারা কথা বলেন। এ ব্যাপারে বিএনপির অবস্থান তাঁরা কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন।
বিএনপির পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।