কূটনীতিকদের দেশের পরিস্থিতি অবহিত করেছে বিএনপি
সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলা-পরবর্তী পরিস্থিতি, বিএনপির নেওয়া জাতীয় ঐক্যের উদ্যোগসহ মানি লন্ডারিং আইনের মামলায় হাইকোর্টে তারেক রহমানের সাজার রায় সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেছে বিএনপি। মুদ্রা পাচার আইনে তারেকের নামে করা মামলার বিষয়ে ইনডেক্স অব ডকুমেন্টস নামে একটি বইও কূটনীতিকদের সরবরাহ করা হয়।
গতকাল বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করেন। এ বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে জানানো হয়নি।
বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, নরওয়ে, স্পেন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, পাকিস্তান, নেপাল ও জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, দলের আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, মাহবুবউদ্দিন খোকন, আসাদুজ্জামান রিপন প্রমুখ।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘বিএনপি কূটনীতিকদের সঙ্গে মাঝে মাঝে কথা বলে। এটা একটা নিয়মিত বৈঠক। নাথিং স্পেশাল (বিশেষ কিছু নয়)।’
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, তারেক রহমান যে সরকারের প্রতিহিংসার শিকার এবং তাঁকে অন্যায়ভাবে উচ্চ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিএনপি আইনগত দিকগুলো কূটনীতিকদের কাছে ব্যাখ্যা করেছে।