কূটনীতিকদের নতুন উদ্যোগকে ইতিবাচক বলছে বিএনপি
চলমান রাজনৈতিক সংকট নিরসনে ঢাকায় নিযুক্ত ১৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। দলের নীতিনির্ধারণী মহল মনে করছে, নতুন সংসদ নির্বাচনের লক্ষ্যে সরকার ও আন্দোলনকারীদের চাপে রেখে সংলাপে বসাতে কূটনীতিকদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, দুই দলকে সংলাপে বসাতে হোঁচট খেয়েছে নাগরিক উদ্যোগ। এমন এক পরিস্থিতিতে ১৫টি প্রভাবশালী দেশ ও ইইউর কূটনীতিকদের সমন্বিত উদ্যোগ দেশে ও আন্তর্জাতিক মহলেও প্রভাব ফেলবে। এর পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির ওপর জাতিসংঘের নিবিড় পর্যবেক্ষণ রয়েছে।
বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা প্রথম আলোকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মঙ্গলবার থেকেই চরম উৎকণ্ঠায় ছিলেন। এ রকম একটি সময়ে যুক্তরাষ্ট্রসহ একদল কূটনীতিকের গুলশানের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিএনপির নেতারা।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে কূটনীতিকেরা মূলত পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে দেওয়া কিছু বক্তব্য বিএনপির চেয়ারপারসনের কাছে তুলে ধরেন। ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে আন্দোলনের নামে সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করা হয়। মঙ্গলবারের বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন স্থানে পেট্রলবোমাসহ পুলিশের হাতে আটক হওয়া সরকারদলীয় নেতা-কর্মীদের কিছু নামের তালিকা দেওয়া হয়।
এ ছাড়া চলমান আন্দোলনে গুম, খুন, আহত, মামলা ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের একটি তালিকা দেওয়া হয় বলে জানা গেছে। বৈঠকে কূটনীতিকেরা খালেদা জিয়াকে জানান, সরকার মনে করছে, পরিস্থিতি স্বাভাবিক আছে। জনগণও সরকারের সঙ্গে আছে। জবাবে খালেদা জিয়া কূটনীতিকদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার এত অস্থির কেন? বিএনপির কর্মসূচি বন্ধ করতে এত আহ্বান কেন? আর জনগণ কার সঙ্গে আছে, তা জানার জন্যই তো নির্বাচন দরকার। তা যেহেতু এখনই করা যাচ্ছে না, তাহলে সরকারও একটা সমাবেশ করুক, বিরোধী দলও করুক। তখন দেখা যাবে, জনগণ কার সঙ্গে আছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলমান হরতাল-অবরোধ আর সহিংসতায় লোকজনের হতাহতের ঘটনা কূটনীতিকদের উদ্বিগ্ন করে তুলেছে। তা ছাড়া বর্তমান পরিস্থিতি দেশের অর্থনীতিকে পর্যুদস্ত করে তুলেছে। তাই তাঁরা সহিংসতা বন্ধ করার তাগিদ দেন। বিএনপির চেয়ারপারসনকে চলমান অবরোধ-হরতাল কর্মসূচি স্থগিত বা শিথিল করার অনুরোধ জানান। এ সময় খালেদা জিয়া তাঁদের জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির পর কর্মসূচি বন্ধ করা হলে বিএনপিসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের চরম নির্যাতন ও মামলা-হামলার শিকার হতে হয়। এখন কর্মসূচি স্থগিত না করার পক্ষে তিনি যুক্তি দেখান।
সহিংসতা বন্ধে কূটনীতিকদের আহ্বান সম্পর্কে জানতে চাইলে বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তাঁরা শুধু সহিংসতা নিয়েই কথা বলেননি। শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের ওপরও জোর দিয়েছেন। গণতন্ত্র সমুন্নত রাখার কথাও বলেছেন।