কূটনীতিকদের নির্বাচন পরিস্থিতি অবহিত করল বিএনপি
পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে বিএনপি।
দলটির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার সকালে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির নেতাদের একজন পরে প্রথম আলোকে বলেন, ‘পৌরসভা নির্বাচনের আইন সংশোধনের পর গেজেট প্রকাশ থেকে শুরু করে কারেন্ট যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো আমরা কূটনীতিকদের অবহিত করেছি। কাউকে কোনো আলোচনার সুযোগ না দিয়ে দলীয় প্রতীকে নির্বাচনের মতলব কী এবং এ বিষয়ে সরকারের সব পদক্ষেপ তুলে ধরা হয়েছে।’
সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, বিএনপির নেতারা পৌর নির্বাচনের পরিস্থিতি, সরকারি দলের মন্ত্রী-সাংসদ-নেতাদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, গণগ্রেপ্তার, নির্বাচন কমিশনের ‘আজ্ঞাবহ’ ভূমিকা, প্রশাসনের পক্ষপাত আচরণ, বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলা এবং তাঁদের প্রচারে বাধা প্রদানসহ বিভিন্ন ঘটনা কূটনীতিকদের কাছে তুলে ধরেন। এ-সংক্রান্ত কিছু ভিডিও চিত্র এবং পত্রিকায় প্রকাশিত খবর দেখানো হয়। একপর্যায়ে একজন পশ্চিমা কূটনীতিক জানতে চান, তাহলে কি ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন হতে যাচ্ছে? জবাবে বিএনপির নেতারা বলেছেন, সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের অজানা নয়। নিশ্চয় পরিস্থিতি তাঁদের পর্যবেক্ষণে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন নেতা বলেন, দুজন কূটনীতিক জানতে চেয়েছেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না। জবাবে বিএনপির নেতারা বলেছেন, তাঁরা শেষ পর্যন্তই নির্বাচনে থাকতে চান। এ সময় একজন নেতা পৌর নির্বাচনকে ক্রিকেট ম্যাচের সঙ্গে তুলনা করে বলেন, টি-টোয়েন্টির ম্যাচ হলে বিএনপি ১৯ দশমিক ৫ ওভার পর্যন্ত মাঠে থাকবে। আর ৫০ ওভারের খেলা হলে ৪৯ ওভার পর্যন্ত থাকবে।
প্রায় এক ঘণ্টার এ বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সুইডেন, জার্মানি, তুরস্ক, কানাডা, নেপাল, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধি অংশ নেন। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বৈঠক শেষে আবদুল মঈন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, কূটনীতিকেরা কী বলেছেন? জবাবে তিনি বলেন, ‘সেটা তাঁদের জিজ্ঞাসা করেন।’
মঈন খান সাংবাদিকদের বলেন, গত দুই সপ্তায় বিরোধী দলের এক হাজারের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনের সময় যদি আমাদের নেতা-কর্মীরা মাঠে না থাকে, তাহলে সমান সুযোগ কীভাবে সৃষ্টি হবে।’