কৃতজ্ঞ খালেদা দোয়া চাইলেন ছেলের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় দলমত, শ্রেণী-পেশা নির্বিশেষে সর্বস্তরের লাখো মানুষের উপস্থিতির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি কোকোর আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
আজ বুধবার রাতে তাঁর প্রেসসচিব মারুফ কামাল খানের সই করা বিবৃতিতে খালেদা জিয়া এই অভিব্যক্তি প্রকাশ করেন।
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘জিয়া পরিবারের প্রতি গণমানুষের এই অপরিমেয় ভালবাসার বহিঃপ্রকাশ আমাকে আরও একবার নতুন করে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করল। বিপুলসংখ্যক মানুষের এই উপস্থিতিতে আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম। শোক কাটিয়ে ওঠার শক্তি সঞ্চয়ে সর্বস্তরের দেশবাসীর এই অংশগ্রহণ আমাকে অনেক সাহায্য করবে।’
কোকোর অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই মা হিসেবে নিজেকে ‘গভীরভাবে শোকাহত’ এবং ‘মানসিকভাবে বিপর্যস্ত’ উল্লেখ করেন খালেদা জিয়া। তিনি বলেন, রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা স্বত্বেও কোকো কখনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হননি। কেবলমাত্র ক্রীড়াঙ্গনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। তিনি বলেন,‘দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র শহীদ জিয়া পরিবারের একজন সদস্য হবার কারণেই তাকে নানমুখী জুলুম নির্যাতন, হেনস্তা ও অপপ্রচারের শিকার হতে হয়েছে।’
খালেদা জিয়া বলেন, ‘অসুস্থ হয়ে প্রবাসে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও সে (কোকো) চরম প্রতিহিংসামূলক বৈরিতা থেকে নিষ্কৃতি পায়নি। ভাগ্যের এমনই নিষ্ঠুর পরিহাস যে, মা হিসাবে আমি প্রায় আট বছর ধরে এই অসুস্থ সন্তানটির মুখ দেখার সুযোগ থেকেও বঞ্চিত ছিলাম। অবশেষে আমাকে সন্তানের লাশ গ্রহণ করতে হলো। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমি এর বিচারের ভার অর্পণ করলাম।’

এই গভীর বেদনা ও শোকের মুহূর্তে সবার কাছ থেকে যে বিপুল সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা পেয়েছেন সেটা তাঁর হৃদয় স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন খালেদা জিয়া।
বিবৃতিতে প্রবাসী বাংলাদেশিদেরও ধন্যবাদ জানান খালেদা জিয়া। শোকবার্তা পাঠিয়ে সহমর্মিতা জানানোর জন্য ভ্রাতৃপ্রতিম দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। শোকবার্তা পাঠিয়ে এবং সশরীরে কার্যালয়ে এসে সহানুভূতি জানানোর জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসন।
বিএনপি ও ২০ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল-জোটের নেতা-কর্মী, পেশাজীবী, নাগরিক সমাজের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা, ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক, সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গসহ শ্রেণী-পেশা ও বয়স নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘তাঁরা এ সময়ে আমার সঙ্গে দেখা করতে না পারায় আমি গভীরভাবে দুঃখিত। আমি আশা করি পরিস্থিতির বিবেচনায় সকলেই বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
কোকোর জন্য সবার কাছে দোয়া চেয়ে দেশবাসীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আমি আপনাদের মাঝে আছি এবং যতদিন বেঁচে আছি আপনাদের সঙ্গেই থাকব ইনশাল্লাহ।’...বিস্তারিত