কৃত্রিম জন্মদিন পালনকারীদের সঙ্গে সংলাপ নয়: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় শোক দিবসে যারা কৃত্রিম জন্মদিন পালনের মাধ্যমে আনন্দ-উল্লাস করে, তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্টকে জন্মদিন হিসেবে পালন করেন। এদিন বিএনপি কেক কেটে আনন্দ-উল্লাস করে থাকে। অথচ এটি তাঁর ভুয়া জন্মদিন।’

আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন যোগাযোগমন্ত্রী। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার। খবর বাসস।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যদি ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শেখ হাসিনার জন্মদিন বানিয়ে পাল্টা কর্মসূচি দিতাম, তখন বিএনপির নেতা-কর্মীদের কেমন লাগত? আমরা তাদের মতো নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না বলেই বিদ্বেষের বশবর্তী হয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কোনো পাল্টা কর্মসূচি দেইনি।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। তাই এ কর্মসূচি উপলক্ষে কারও কাছ থেকে টাকা-পয়সা নেওয়া উচিত নয়। তাতে শোক দিবসের কর্মসূচির গাম্ভির্য নষ্ট হয়।


বিভিন্ন ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি যত্রতত্র ব্যবহারের তীব্র সমালোচনা করেন ওবায়দুল কাদের। দলীয় নেতা-কর্মীদের ব্যানার ও পোস্টার বানানোর বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। নিদিষ্ট সময় শেষে নিজ দায়িত্বে স্ব-স্ব ব্যানার ও পোস্টার অপসারণের আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার শান্তি কামনা করে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।