কৃষক লীগের আহ্বায়ক কমিটি অবৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে ওই কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ এপ্রিল রাজবাড়ী জেলা কমিটি বিলুপ্তি করা হয়েছিল। একই সঙ্গে কমিটির সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাসকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু তিন দিন পর ১৩ এপ্রিল বর্ধিত সভা করে আবুল কালাম আজাদকে আহ্বায়ক, আবু বক্কর খানকে সদস্যসচিব করে আরেকটি কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কৃষক লীগের কোনো শাখা অনুমোদনের ক্ষমতা বা এখতিয়ার স্থানীয় আওয়ামী লীগের নেই। এটি সংগঠনের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। কেন্দ্রীয় অনুমোদন ছাড়া আজাদ-বক্কর কমিটির নামে নেতা-কর্মীদের মধ্যে বিভেদ ছড়ানোর অভিযোগে আহ্বায়ক আবুল কালাম আজাদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জানতে গতকাল আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা কৃষক লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুনশি নাদের হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর সংগঠনের ১ নম্বর সহসভাপতি নুরুজ্জামানকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়। তিনি কয়েক বছর আগে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এতে সংগঠনের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়।