কৃষক লীগের ব্যানার ছিঁড়েছেন আ.লীগ নেতা!
বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কৃষক লীগের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ওই ব্যানার ছিঁড়েছেন বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
পাথরঘাটা প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা কৃষক লীগের সভাপতি বায়জিদ মোরশেদ। এতে বলা হয়, গত ১৪ আগস্ট সকাল ১০টায় উপজেলা কৃষক লীগ ও শেখ রাসেল স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে শহরের শেখ রাসেল স্কয়ারে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ব্যানার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সেঁটে দেওয়া হয়। এ ছাড়া গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বানানো কৃষক লীগের আরেকটি ব্যানারও সেখানে সেঁটে দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার ব্যানার দুটি ছিঁড়ে ফেলেন।
তবে ব্যানার ছেঁড়ার অভিযোগঅস্বীকার করেছেন আলমগীর বলেন, শোক দিবসের অপর একটি ব্যানারের ওপর কৃষক লীগের ব্যানার টানানো হয়েছিল। তাই সেটি খুলে রাখা হয়েছে।