কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা হবে রাস্তায়
রাস্তায় ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করবে কৃষক শ্রমিক জনতা লীগ। গতকাল বৃহস্পতিবার দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাল শনিবার মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করেছে দলটি। এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত ২৮ জানুয়ারি থেকে দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করায় সেই সিদ্ধান্ত বাতিল হয়েছে।
এদিকে অন্য দিনের মতো গতকালও কাদের সিদ্দিকী তাঁর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। গতকাল কর্মসূচিতে যোগ দেন তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী এবং মেয়ে কুঁড়ি ও কুশি সিদ্দিকী। সারা দিনই সেখানে গান ও বক্তৃতা করে দলটির নেতা-কর্মীদের চাঙা রাখার চেষ্টা করতে দেখা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর সভা করতে দুই ঘণ্টার মাইক ব্যবহারের অনুমতি চেয়ে গত বুধবার ডিএমপি কমিশনার বরাবর আবেদন করে দলটি। আবেদনপত্রে সভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। ওই সভায় প্রধান অতিথি থাকবেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।