কৃষক সংগ্রাম সমিতির 'উত্থান' ঠেকাতে সংঘর্ষ ও বাধা
সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানা এলাকার সাহেবের বাজারে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সঙ্গে স্থানীয় সংগঠন ইয়ং স্টারের পক্ষের লোকজনের সংঘর্ষের পেছনে আওয়ামী লীগের দুই নেতার ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের পৃষ্ঠপোষকতায় মাত্র দুই মাস আগে গঠিত হয় ইয়ং স্টার। আর কৃষক সংগ্রাম সমিতি প্রায় আট বছর ধরে সাহেবের বাজার এলাকায় সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির নেতা-কর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের ওই দুই নেতা ভূমি ও চা-বাগান ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় তাঁদের প্রভাব ধরে রাখার স্বার্থে কৃষক সংগ্রাম সমিতির ‘উত্থান’ ঠেকাতে সামাজিক সংগঠন গঠন করার মাধ্যমে তাঁরা তৎপরতা চালাচ্ছেন।
গত শুক্রবার সংঘর্ষের ঘটনার পর সমিতির কেন্দ্রীয় সভাপতি শ্যামল ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক বিবৃতিতে ঘটনার পেছনে সরকারদলীয় দুই নেতার ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ।
শফিকুর রহমান সামাজিক সংগঠনের আড়ালে তাঁদের কোনো ইন্ধন নেই বলে দাবি করেন। কৃষক সংগ্রাম সমিতিকে তিনি একটি ‘বিচ্ছিন্নতাবাদী’ সংগঠন বলে আখ্যায়িত করে বলেন, ‘আমরা রাজনীতি করি। আড়ালে কিছু করি না। ওই এলাকা (সাহেবের বাজার) আওয়ামী লীগের একটি ঘাঁটি। তবে ইদানীং সেখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কায়দায় ওই সংগঠনটি (কৃষক সংগ্রাম সমিতি) তৎপরতা চালাচ্ছে।’
শুক্রবার সকালে কৃষক সংগ্রাম সমিতির পূর্বাঞ্চলীয় কমিটির আহ্বায়ক সাহেদ আলীর বাড়িতে হামলা করেন ইয়ং স্টারের সদস্যরা। এর প্রতিবাদে কৃষক সংগ্রাম সমিতি সকাল সাড়ে ১০টায় প্রতিবাদ মিছিল বের করলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাসুকুর রহমান (২৬) নামের এক তরুণ নিহত হন। তিনি ইয়ং স্টারের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ছিলেন। সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে অধিকাংশ কৃষক সংগ্রাম সমিতির সদস্য।
পুলিশ জানায়, প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষে মাসুকুর রহমান নিহত হন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষ থামায়। কিছু দোকানপাট ভাঙচুর হওয়ায় ওই দিন থেকে সাহেবের বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাহেবের বাজারের বাসিন্দারা জানান, সাধারণ কৃষকদের নিয়ে গঠিত এই সংগঠনের সদস্যরা ভূমিখেকো চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও মিছিল করেন। এই সংগঠনের সদস্যরা সংগঠিত। তাৎক্ষণিকভাবে আয়োজিত কর্মসূচিতেই তাঁদের শত শত কৃষকের উপস্থিতি দেখা যায়। এতে করে স্থানীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অনেকটা বিব্রতকর অবস্থার মুখে পড়ে।
রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, এমন সাহেবের বাজারের একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তৎপর হয়ে জুন মাসের শেষের দিকে ইয়ং স্টার প্রতিষ্ঠা করে। এই সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান চৌধুরী ও আশফাক আহমদের নাম প্রচার করা হয়। বাজারের একজন ব্যবসায়ী জানান, ইয়ং স্টার সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলেও তাদের গত দুই মাস শুধু কৃষক সংগ্রাম সমিতির সঙ্গে পাল্টাপাল্টি তৎপরতা চালাতে দেখা গেছে।
সিলেট জেলা কৃষক সংগ্রাম সমিতির যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া বলেন, ‘আমরা আট বছর ধরে এলাকায় সংগঠন করছি। বরাবরই ক্ষমতাসীন রাজনৈতিক দল আমাদের বাধার সৃষ্টি করে। আগে ছিল বিএনপি, এখন আওয়ামী লীগ। আমাদের ঠেকাতে সর্বহারা ও চরমপন্থী বলে পুলিশকে উসকে দেওয়া হয়। সাধারণ কৃষকের স্বার্থে আমরা শুধু সংগঠিত থাকি, প্রতিবাদ করি। শুক্রবার এভাবে প্রতিবাদ করতে গিয়েই ঘটনা ঘটে।’