কৃষক সমাবেশের ডাক দিয়ে খোঁজ নেই কৃষক লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিতে আওয়ামী লীগের সাফল্য ও খাদ্য বিভাগের দুর্নীতির মাধ্যমে ধান ক্রয়ের অভিযোগ এনে দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল বুধবার বিকেলে কৃষক সমাবেশের ডাক দিয়েছিল উপজেলা কৃষক লীগ। সমাবেশ সফল করতে দুই দিন ধরে এলাকায় মাইকিংও করে কৃষক লীগ।
একই সময় একই স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সমাবেশের ডাক দিয়ে গত মঙ্গলবার বিকেল থেকে এলাকায় মাইকিং করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। একই স্থানে একই সময়ে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নবাবগঞ্জে মঙ্গলবার বিকেল থেকে দেখা দেয় উত্তেজনা। বুধবারের সমাবেশকে কেন্দ্র করে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। কিন্তু বুধবার বিকেলে সমাবেশস্থল নবাবগঞ্জ মুক্ত মঞ্চে গিয়ে খোঁজ মেলেনি কৃষক লীগের কোনো নেতার।
বিকেল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এলাকায় মিছিল বের করেন। পরে পৌনে পাঁচটায় মুক্ত মঞ্চে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাবেশ হয়। সমাবেশ ডেকে উপস্থিত না থাকার বিষয়ে কৃষক লীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক রজব আলীকে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।
এর আগে গত সোমবার উপজেলার দাউদপুর খাদ্যগুদামে ধান ক্রয় অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাদ্য কর্মকর্তাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাঞ্ছিত করেন বলে তাঁরা অভিযোগ করেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা অমৃত শেখর দেবনাথ বলেন, গত সোমবার দুপুরে দাউদপুর খাদ্যগুদামে ধান ক্রয়ের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান ও কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী এসে ধান কেনার কৃষকদের তালিকা চান। ভুয়া তালিকার মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে অভিযোগ তুলে উপজেলা চেয়ারম্যানকে তাঁরা গালাগাল করে মারতে উদ্যত হন। দাউদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানকে তাঁরা লাঞ্ছিত করে উদ্বোধন অনুষ্ঠান ভেস্তে দেন।
জানতে চাইলে আতাউর বলেন, উপজেলা খাদ্য বিভাগ এখনো ধান কেনার তালিকাই প্রস্তুত করেনি। তার আগেই প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান না কিনে খাদ্য বিভাগের কর্মকর্তারা ও উপজেলা চেয়ারম্যান সিন্ডিকেটের মাধ্যমে গুদামে নিম্নমানের ধান ঢোকাতে তড়িঘড়ি করে ধান কেনার উদ্বোধন করছেন।
তবে উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও খাদ্য কর্মকর্তা অমৃত শেখর দেবনাথ ধান কেনায় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।