কে কাকে সতর্ক করছে: ইনু
বিদেশিদের নিরাপত্তার বিষয়ে বহির্বিশ্বের সতর্কতা সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কে কাকে সতর্ক করছে। আমেরিকা ও ইংল্যান্ড তার নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না।
আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরে গোপালপুর দর্গাতলা মোড়ে একটি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী ইনু এ প্রশ্ন তোলেন।
ইনু বলেন, তারা (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) বাংলাদেশে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করুক আর না করুক, সরকার দেশে সব বিদেশিদের নিরাপত্তা দিতে সর্বাত্মক চেষ্টা চালাবে।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘দীর্ঘ ২০-২৫ বছর ধরে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি জঙ্গি পোষা ও জঙ্গির সঙ্গে দোস্তির বদভ্যাসটা ত্যাগ করতে পারেননি। ফলে খালেদা জিয়া রাজনীতিতে থাকলে গণতন্ত্র আছে, আর রাজনীতিতে না থাকলে গণতন্ত্র নেই—এই যুক্তিটা আমরা গ্রহণ করি না এই জন্য, বেগম খালেদা জিয়া আমাদের ব্যাপার নয়। আমাদের ব্যাপারটা হলো, রাজনীতিতে জঙ্গি থাকবে কি থাকবে না, যুদ্ধাপরাধী থাকবে কি থাকবে না এবং আগুন সন্ত্রাসীরা থাকবে কি থাকবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার। রাজনীতিতে জঙ্গি, আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধী থাকবে না। তারা থাকলে গণতন্ত্র ধ্বংস হয়, মার খায়, পঙ্গু হয়। তাদের বাদ রাখলে গণতন্ত্র নিরাপদ হয়।’
খালেদা জিয়াকে জঙ্গি উৎপাদনের ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব পরিহার করার আহ্বান জানান ইনু। তিনি বলেন, জঙ্গি পোষা এবং জঙ্গিদের সঙ্গে দোস্তির বদভ্যাসটা যদি ত্যাগ করতে পারেন, তবেই খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পাবে।