বন্দর এলাকায় ৯ নভেম্বর শ্রমিক সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেছিলেন, চার ব্যক্তি বন্দর লুটেপুটে খাচ্ছেন। এই চারজন পদ-পদবি ব্যবহার করে চট্টগ্রাম বন্দরকে কুক্ষিগত করতে চাচ্ছেন বলেও সেদিন অভিযোগ করেছিলেন তিনি। এক সপ্তাহ পর গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের উৎসাহ বোনাস প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ওই অভিযোগের জবাব দিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাংসদ এম এ লতিফ।
গতকাল বেলা দুইটায় বন্দরের কারশেড এলাকায় শ্রমিকদের উৎসাহ বোনাস প্রদান অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরীর নাম উল্লেখ না করে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘কে কী বলল, না বলল, কাকে ডাকাত বলল, মাফিয়া চক্র ইত্যাদি যা-ই বলুক না কেন, আজকে প্রমাণ হয়েছে বন্দর এগিয়ে যাচ্ছে। লয়েডস লিস্টে ২২ ধাপ এগিয়েছে বন্দর।’
শিপিং বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট গত আগস্ট মাসে এক প্রতিবেদনে কনটেইনার পরিবহনের সংখ্যায় বিশ্বের ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৭৬তম বলে জানায়। ২০০৯ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮তম।
মহিউদ্দিন চৌধুরী চারজনের নাম উল্লেখ করেছিলেন। তাঁরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাংসদ সামশুল হক চৌধুরী এবং বন্দরের কনটেইনার জেটি পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘কোনো রকমের মুখরোচক বক্তব্যে প্রভাবিত হওয়ার সুযোগ নেই। অতীতে মুখরোচক বক্তব্যে আপনারা বিভ্রান্ত হয়েছিলেন। তখন বহির্বিশ্বে বন্দরের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল। আজকে বন্দরে কোনো সমস্যা নেই।’
সাংসদ এম এ লতিফ বলেন, ‘বন্দর আজকে ডাকাতের কবলে পড়েছে, মাফিয়ার কবলে পড়েছে বলে আহাজারি হচ্ছে। বন্দর যদি মাফিয়ার কবলে পড়ে থাকে, ডাকাতের কবলে পড়ে থাকে তাহলে ২২ ধাপ এগিয়ে যেত না।’
অনুষ্ঠানে ২০১৫ সালে ২০ লাখ কনটেইনার ওঠানো-নামানোর গৌরব অর্জন করায় বন্দরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত ৬ হাজার ৮০০ শ্রমিকের প্রত্যেককে ৭ হাজার টাকা করে উৎসাহ বোনাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নৌমন্ত্রী শ্রমিকদের ২০ জনের হাতে নগদ ৭ হাজার টাকা করে তুলে দেন । এই টাকা বেসরকারি প্রতিষ্ঠান ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে প্রদান করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।
বিকেলে বন্দর এলাকার শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে পৃথক অনুষ্ঠানে বন্দরের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ৩৫ হাজার টাকা করে উৎসাহ বোনাস দেওয়া হয়। বন্দর অফিসার সমিতি ও কর্মচারী পরিষদের (সিবিএ) প্রতিনিধিদের হাতে উৎসাহ বোনাসের প্রতীকী চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বন্দর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘চোর, ডাকাত, মাফিয়া এসব কেউ বললেও কান দিবেন না। উন্নয়নের দিকে নজর দিন।’