কে হচ্ছেন সাধারণ সম্পাদক, আজিজুল সভাপতি থাকছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৮ বছর পর আজ রোববার কৃষক লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সাধারণ সম্পাদক তছিরুল আলম মালিক আওয়ামী লীগে পদ নেওয়ায় এ পদে নতুন মুখ আসন্ন। আর আজিজুল হক সভাপতি থাকছেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৯৯৯ সালের ১১ মার্চ চুয়াডাঙ্গা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন আজিজুলকে সভাপতি ও তছিরুলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠিত হয়। কমিটির মেয়াদ ছিল ২০০২ সালের ১০ মার্চ পর্যন্ত। কিন্তু এত দিন মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই কার্যক্রম চলছিল।
দীর্ঘদিন সম্মেলন না হওয়ার বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল শনিবার দুপুরে অভিন্ন কারণ বললেন। তাঁদের মতে, অনুকূল পরিবেশ না পাওয়া, জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করাসহ সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় সম্মেলন করা সম্ভব হয়নি।
তছিরুল আলম গত বছর জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। ফলে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসছে, এটা নিশ্চিত।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অন্তত চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবীর, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল ও সাধারণ সম্পাদক আবদুল মতিন এবং দামুড়হুদা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম।
বর্তমান সাধারণ সম্পাদক তছিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি দীর্ঘ ২৮ বছর কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি। ১৮ বছরেরও বেশি সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এবার নতুনদের জন্য পথ খুলে দিলাম।’
তবে সভাপতি পদে আজিজুল হকই থাকছেন নাকি নতুন কেউ আসছেন, সে বিষয়টি নিশ্চিত নয়। বিষয়টি স্পষ্ট হতে সম্মেলন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বর্তমান সভাপতি আজিজুল হক প্রথম আলোকে বলেন, দলীয় নেতা-কর্মীরা যত দিন চাইবেন, তত দিন দায়িত্ব পালন করতে তাঁর কোনো আপত্তি নেই।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সভাপতি পদে বদল এলে সে ক্ষেত্রে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের এ পদে আসার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ কর্মী ও কাউন্সিলর বলেন, কাউন্সিলররা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেলে ত্যাগী ও যোগ্য নেতাদের বাছাই করে কমিটি গঠন করা সম্ভব হবে। আর সিলেকশনের মাধ্যমে কমিটি হলে, দলীয় কার্যক্রমে বর্তমানের স্থবিরতা থেকেই যাবে।
উৎসাহের পাশাপাশি উদ্বেগ
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়ার পর থেকে কৃষক লীগের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে। শহরজুড়ে ব্যাপকভাবে পোস্টার লাগানো হয়েছে। কিন্তু জেলায় মূল দল আওয়ামী লীগের মতো কৃষক লীগেও দুটি পক্ষ রয়েছে। ফলে সম্মেলন নিয়ে উৎসাহের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠাও রয়েছে।
পদপ্রত্যাশী হিসেবে নাম আসা গোলাম ফারুক জোয়ার্দ্দার ও আসাদুজ্জামান কবীর সাংসদ আলী আজগারের অনুসারী। অন্যরা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের পক্ষের হিসেবে পরিচিত। আজকের সম্মেলনে কোন পক্ষের কারা কোন কোন পদ পাচ্ছেন, সেটাকে উভয় পক্ষই ‘প্রেস্টিজ ইস্যু’ হিসেবে নিয়েছে।
সম্মেলনে থাকছেন যাঁরা
জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চকে ঘিরে বিশাল প্যান্ডেল ও ফটক তৈরি করা হয়েছে। এখানেই আজ সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোহা. মোতাহার হোসেন মোল্লা।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তছিরুল আলম মালিক জানান, আজকের সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা সভাপতি মো. আজিজুল হক। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি এবং কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ আলী আজগার ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি শরীফ আশরাফ আলী, যুগ্ম সম্পাদক সমীর চন্দ ও সাংগঠনিক সম্পাদক আতিকুল হকের থাকার কথা রয়েছে।