ঢাকা-৯ আসনে তিনজনকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। তাঁদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। প্রার্থিতা টিকে আছে কেবল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের। এখন মির্জা আব্বাস গেছেন উচ্চ আদালতে। আর নির্বাচন কমিশনে আপিল করেছেন আফরোজা আব্বাস। তাঁরা যদি প্রার্থিতা ফিরে পান, তাহলে এই আসনে কে হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী, এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
সবুজবাগ, খিলগাঁও ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯। এখানে মোট ভোটার ৪ লাখ ২৫ হাজার ৫৮২।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, যথাসময়ে না আসায় ঢাকা–৯ আসনে মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। তবে বিএনপি
বলছে, রিটার্নিং কর্মকর্তার কাছে যথাসময়ে মনোনয়নপত্র নিয়ে গেলেও সময় শেষের কথা বলে তা জমা নেওয়া হয়নি।
এ নিয়ে মির্জা আব্বাস হাইকোর্টে রিট করেছেন। এই রিটের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার হাইকোর্ট ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের নির্বাচন কমিশনে থাকা মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে এই মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষ করতে বলা হয়েছে।
এদিকে ঋণখেলাপি হওয়ার অভিযোগে ঢাকা–৯ আসনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন।
দলীয় নেতা–কর্মীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকা–৯ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হবেন, তা নিয়ে তাঁরা বিভ্রান্তিতে আছেন।
ঢাকা-৯ আসনের পাশাপাশি ঢাকা-৮ আসন থেকেও মির্জা আব্বাস দলীয় মনোনয়ন পেয়েছেন। ঢাকা-৮ আসনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আব্বাসের ঘনিষ্ঠজনেরা বলছেন, ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ হলে তিনি দুই আসনেই নির্বাচন করবেন।
হাবিবুর রশিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলেও তিনি বলছেন, এখানে মির্জা আব্বাসই বিএনপির মূল প্রার্থী। কোনো কারণে তিনি প্রার্থী হতে না পারলে আফরোজা আব্বাস সংসদ নির্বাচন করবেন। তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে সরকার যদি আমাদের জনপ্রিয় দুই প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সে ক্ষেত্রে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।’
সবুজবাগ থানা বিএনপির সভাপতি গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসকে নির্বাচন থেকে দূরে রাখা হলে হাবিবুর রশিদকে নিয়েই তাঁরা নির্বাচনী লড়াইয়ে নামবেন।
তফসিল ঘোষণার পর ‘৮১ জন আটক’
বিএনপির অভিযোগ, ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন পর্যায়ের ৮১ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুছ মৃধা, সবুজবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মুগদা থানা বিএনপির সভাপতি শেখ মো. আলী চায়না ও সবুজবাগ থানা যুবদলের সভাপতি আতাউর রহমানও রয়েছেন।
স্থানীয় কর্মীদের ভাষ্য, দলীয় প্রার্থীর নাম ঘোষণা পর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। আর বিএনপির নেতা-কর্মীরা মাঠে নামা তো দূরের কথা, ঘরেও থাকতে পারছেন না।
সবুজবাগ থানা বিএনপির সভাপতি গোলাম হোসেন বলেন, তফসিল ঘোষণার পর তিনিও এলাকায় থাকতে পারছেন না।
২০০৮ সালে সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঢাকা-৮ আসনও ঢাকা-৯ এর সঙ্গে ছিল। এখান থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে মির্জা আব্বাস নির্বাচন করেছেন। এর মধ্যে ১৯৯১ ও ২০০১ সালে তিনি জয়লাভ করেন। ১৯৯৬ সালে এখান থেকে সাংসদ হন আওয়ামী লীগের বর্তমান সাংসদ সাবের হোসেন চৌধুরী। ২০০৮ সালে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।