কে হুক্কাহুয়া করল, দেখার সময় নেই: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী। প্রথম আলোর ফাইল ছবি।
মতিয়া চৌধুরী। প্রথম আলোর ফাইল ছবি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ত্রাসের রানি আখ্যা দিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তবে পেছনে কে হইচই করল, হুক্কাহুয়া করল, তা দেখার সময় নেই। যথাসময়ে সংবিধান অনুসারে নির্বাচন হবে। তিনি আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

২০১৪ সালের নির্বাচনের আগে-পরে বিএনপির আন্দোলনে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগেও বিএনপির চেয়ারপারসন ও তাঁর দল সন্ত্রাস করেছে। তাঁদের গণতন্ত্র হচ্ছে রাজাকার, খুনি ও জঙ্গিদের গণতন্ত্র।
মতিয়া চৌধুরী বলেন, তিনি এখন ‘ইনক্লুসিভ ইলেকশন’ শব্দটা খুব বেশি শুনতে পান। ইনক্লুসিভনেস কী? সেই প্রশ্ন তুলে কৃষিমন্ত্রী বলেন, ‘জীবন আর মৃত্যুকে আলিঙ্গন করার নাম ইনক্লুসিভনেস? আমরা অনবরত জানাজা পড়ার গণতন্ত্র চাই?’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তাঁদের দুই সন্তানের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, নিরাসক্ত দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে, এই পরিবারটি শুধু গণতন্ত্রের শত্রু নয়, তারা দেশের সম্পদ লুট করে এবং ধ্বংসে জড়িত।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মতিয়া চৌধুরী অভিযোগ করেন, একটা শ্রেণি সরকারের উন্নয়নকাজ দেখে না।
অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাংসদ সিমিন হোসেন রিমি প্রমুখ আলোচনায় অংশ নেন।