কেউ কারাগারে, কেউ আত্মগোপনে, ভোগান্তি পোহাচ্ছে জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ-হরতাল শুরুর পর মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন বগুড়ার ৪৬ জনপ্রতিনিধি। তাঁরা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা। তাঁদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যও আছেন। তাঁদের কাউকে কাউকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেউ আবার উচ্চ আদালতে রিট করে দায়িত্ব ফিরে পেয়েছেন।
এই জনপ্রতিনিধিরা কারাগারে বা আত্মগোপনে থাকায় সংশ্লিষ্ট উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজে কার্যত স্থবিরতা চলছে। তাঁদের অনুপস্থিতিতে এসব এলাকার জনগণকেও বিভিন্ন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই ৪৬ জনের বেশির ভাগের বিরুদ্ধে মামলা হয়েছে গত ৬ জানুয়ারি অবরোধ শুরুর পর। সন্ত্রাস, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করেছে পুলিশ। কারও কারও বিরুদ্ধে রয়েছে আগের মামলা। সর্বোচ্চ ২৫টি মামলা আছে বগুড়া জেলা যুবদলের সভাপতি ও বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ারের বিরুদ্ধে। একই পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদের বিরুদ্ধে মামলা আছে ২৪টি। বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবদলের সভাপতি মাসুদ রানার বিরুদ্ধে মামলা ২৩টি। এসব তথ্য জেলা পুলিশ সূত্রের।
বগুড়ার ১২টি উপজেলা পরিষদের কোনোটিতেই আওয়ামী লীগসমর্থিত চেয়ারম্যান নেই। ১২টির মধ্যে আট উপজেলা চেয়ারম্যান ও তিন উপজেলার পাঁচ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে। এঁরা হলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর তালুকদার। তিনি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে গত ৩ মার্চ থেকে কারাগারে। নাশকতার ছয় মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন সোনাতলার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব। সম্প্রতি তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন।
শেরপুরের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। উচ্চ আদালতে রিট করে দায়িত্ব ফিরে পেলেও গ্রেপ্তারের ভয়ে দপ্তরে বসছেন না। নন্দীগ্রামের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নূরুল ইসলাম মণ্ডল নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। রিট করে এবং জামিনে মুক্তি পেয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন। দুপচাঁচিয়ার চেয়ারম্যান জামায়াতের নেতা আবদুল গণি মণ্ডল নাশকতার মামলায় কারাগারে। প্রায় দুই মাস ধরে কারাগারে আছেন শিবগঞ্জের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন।
মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ধুনটের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম। জামিনে থাকলেও আত্মগোপনে আছেন গাবতলীর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সম্পাদক মোরশেদ মিলটন।
অবশ্য শাজাহানপুর, কাহালু, আদমদীঘি ও সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়নি।
উপজেলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে সদরে জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আবেদুর রহমানের বিরুদ্ধে নাশকতার ১৬টি মামলা রয়েছে। মামলা রয়েছে সদরের নারী ভাইস চেয়ারম্যান জামায়াতের সাজেদা সামাদের বিরুদ্ধেও। শেরপুরের ভাইস চেয়ারম্যান বিএনপির আরিফুর রহমানকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে। আত্মগোপনে রয়েছেন সোনাতলার ভাইস চেয়ারম্যান এনামুল হক এবং ধুনটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম। তাঁরা জামায়াতের।
পৌরসভা: কারাগারে থাকা শেরপুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সম্পাদক স্বাধীন কুমার কুণ্ডুর বিরুদ্ধে মামলা রয়েছে তিনটি। গাবতলীর পৌর মেয়র বিএনপির সাইফুল ইসলাম মামলার পর আত্মগোপনে। একই কারণে বাড়িছাড়া বগুড়া পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, শহর যুবদলের সভাপতি মাসুদ রানা, হারুনুর রশীদ, বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস, হারুন-উর-রশিদসহ বিভিন্ন পৌরসভার নয়জন কাউন্সিলর। সম্প্রতি মিছিল থেকে গ্রেপ্তার করা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মোহাম্মদ মেহেদি হাসানের বিরুদ্ধে রয়েছে নাশকতার নয়টি মামলা।
ইউনিয়ন পরিষদ: মামলা রয়েছে ছয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেও। তাঁরা হলেন সোনাতলার জোড়গাছা ইউপি চেয়ারম্যান জামায়াতের গোলাম রব্বানী, দিকদাইর ইউপি চেয়ারম্যান জামায়াতের সেকেন্দার আলী, বগুড়া সদরের গোকুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মোমিন, নিশিন্দারার চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, রাজাপুর ইউপি চেয়ারম্যান বিএনপির রাজিবুল হাসান এবং শেরপুরের মির্জাপুর ইউপি চেয়ারম্যান বিএনপির মো. মোনায়েম। শহিদুলের বিরুদ্ধে আটটি এবং মোমিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
বিভিন্ন ইউপির ১৬ জন সদস্যের বিরুদ্ধেও মামলা রয়েছে।
এই ৪৬ জনপ্রতিনিধির মধ্যে যাঁরা গ্রেপ্তার হননি, তাঁরা গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ খুব জরুরি প্রয়োজনে হঠাৎ এক-দুই ঘণ্টার জন্য দপ্তরে বা কোনো নিরাপদ স্থানে এসে বিল, ভাউচার, বেতন ইত্যাকার কাগজপত্রে সই করছেন। তাঁরা আত্মগোপনে থাকায় চারিত্রিক সনদ, নাগরিকত্ব, জন্মনিবন্ধন বা এ ধরনের সনদ সংগ্রহ করতে ভোগান্তিতে পড়ছেন এসব এলাকার লোকজন। বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে।
গা ঢাকা দেওয়া জনপ্রতিনিধিদের বেশির ভাগের মুঠোফোনও বন্ধ। বেশ কয়েকজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া গেল শুধু গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন ও ধুনটের উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে। তাঁরা প্রথম আলোকে জানান, প্রায় তিন মাস ধরে তাঁরা ঘরছাড়া। উপজেলা পরিষদের কর্মচারীদের বেতন, বিলসহ জরুরি কাগজপত্রে সই করতে গোপনে কিছু সময়ের জন্য দপ্তরে যান। অনেক সময় বিশ্বস্ত লোক কাগজপত্র নিয়ে নির্দিষ্ট কোনো স্থানে এলে পরে তাঁরা সই করেন। অন্য যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা আছে, তাঁরাও এমন করছেন।
এ দুই উপজেলা চেয়ারম্যান জানান, বগুড়ায় উপজেলা ও গ্রামপর্যায়ে বিরোধী দলকে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিই করতে দিচ্ছে না পুলিশ। সক্রিয় নেতা-কর্মীদের বাড়ি তল্লাশি তো চলছেই, সভা-সমাবেশ বা মিছিলের প্রস্তুতি নিলেই লাঠিপেটা করে পুলিশ তা ছত্রভঙ্গ করে দিচ্ছে। গ্রেপ্তার করছে। তাঁরা অভিযোগ করেন, সরকারি দলের প্রভাব ও প্ররোচনায় পুলিশ অনেক জনপ্রতিনিধি বা বিরোধী নেতা-কর্মীর নামে মামলা দিচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন দমন-নিপীড়নমূলক কর্মকাণ্ড বন্ধ করা উচিত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান বলেন, উপজেলা চেয়ারম্যান ছাড়া পরিষদই কার্যত অচল। উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিল দেওয়াসহ অনেক ক্ষেত্রেই চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন হয়। চেয়ারম্যান কারাগারে এবং দুই ভাইস চেয়ারম্যান পলাতক থাকায় পরিষদের মাসিক সভাও আটকে আছে।
বগুড়ার পুলিশ সুপার মোজ্জাম্মেল হক প্রথম আলোকে বলেন, ১২টি উপজেলা, ১২টি পৌরসভা, ১১৭টি ইউনিয়নে জনপ্রতিনিধির সংখ্যা প্রায় দেড় হাজার। এই বিপুলসংখ্যক জনপ্রতিনিধির মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে মামলা হওয়া অস্বাভাবিক কিছু নয়। কারও বিরুদ্ধে অভিযোগ না থাকলে মামলা হচ্ছে না, পুলিশ তাঁদের বাড়িতেও যাচ্ছে না। যেমন কাহালু ও নন্দীগ্রামেও সহিংস ঘটনা ঘটেছে। কিন্তু অভিযোগ না থাকায় এ দুই উপজেলার জামায়াতসমর্থিত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়নি। সরকারি দলের প্রভাবে বিরোধীদের দমন-নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, পুলিশ কারও প্রভাবে কাউকে দমন-নির্যাতন করছে না। আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা প্রয়োজন, সেই কাজটিই করছে।