খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ, মোবাইল ও ইন্টারনেট বন্ধ করা নিয়ে ধোঁয়াশা
কেউ দায়িত্ব নিতে চাইছেন না
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ কেটে দিয়ে ১৯ ঘণ্টা পর তা চালু করা এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সরকারের দুই প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব কাজের দায়িত্ব নিতে চাইছেন না। এক সংস্থা অন্য সংস্থাকেও দেখিয়ে দিচ্ছে।
এ ঘটনায় আওয়ামী লীগ ও সরকারের মধ্যেও সমালোচনা হচ্ছে। শেষ পর্যন্ত দল, সরকার এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে বিদ্যুৎ-সংযোগ চালু করা হয় বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে।
তবে বিদ্যুৎ চালু হলেও গুলশান কার্যালয়ে গতকাল পর্যন্ত কেব্ল টেলিভিশন (ডিশ), টেলিফোন, ফ্যাক্স ও ব্রডব্যান্ড ইন্টারনেট-সংযোগ পুনঃস্থাপন হয়নি। মোবাইল ফোনের নেটওয়ার্ক থাকলেও তা খুবই দুর্বল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের আশপাশের এলাকায় মোবাইল বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি মন্ত্রণালয়। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে তারা এ পদক্ষেপ নিয়েছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন খালেদা জিয়ার অফিস বা বাসায় মোবাইল বন্ধের নির্দেশনা দেব। কে এই নির্দেশনা দিয়েছে, আমরা জানি না।’
আর বিদ্যুৎ-সংযোগ কাটা ও পুনঃসংযোগ দেওয়া প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে কিছুই জানি না। ইটস এ ব্যাড পলিটিকস। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা রাজনীতির অংশ হতে পারে না।’
প্রতিমন্ত্রী জানান, তিনি বিষয়টি শোনার পর ডেসকোর চেয়ারম্যানের কাছে কারণ জানতে চেয়েছিলেন। চেয়ারম্যান তাঁকে জানান, ২০১০ সালে ৮ হাজার ৮০০ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর ঘটনাটি আসলে কী ঘটেছে, তা জানার চেষ্টা করেও তিনি কিছু জানতে পারেননি। তবে লাইন যাঁরা কেটেছেন, তাঁরা মাস্টার রোলে কাজ করেন।
এ ঘটনার দায়দায়িত্ব কার? জবাবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, এর দায় চূড়ান্তভাবে সরকারকেই নিতে হবে। একজন সাবেক প্রধানমন্ত্রীর বাসার বিদ্যুৎ-সংযোগ কাটা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি কারও ইচ্ছা হলেই সংযোগ কেটে দিয়ে আসবে, এটাও ভাবা উচিত নয়। তিনি আরও বলেন, কেউ সরকারকে পাশ কাটিয়ে এমন কাজ করেছে মনে করা হলে সরকারের উচিত হবে, যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করা।
বিব্রত সরকার: এসব ঘটনা সরকার ও আওয়ামী লীগের দায়িত্বশীল বেশির ভাগ নেতা ও মন্ত্রী জানেন না। দু-একজন জানলেও তাঁরা উদ্ধৃত হয়ে কথা বলতে রাজি হননি। যোগাযোগ করা হলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা এবং কয়েকজন মন্ত্রী বলেন, বিদ্যুৎ-সংযোগ কাটার সিদ্ধান্ত সঠিক ছিল না।
গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এক শ্রমিক সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান হরতাল ও অবরোধ প্রত্যাহার না করলে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ গত শনিবার দুপুরে ওই কার্যালয়ের সব লাইন কেটে দেওয়া হবে বলে জানান। গতকাল যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে চাননি।
গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মধ্যে একান্ত বৈঠক শেষ হওয়ার আধঘণ্টার মধ্যেই বিদ্যুতের পুনঃসংযোগ দেওয়া হয়। তাঁরা সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত গণভবনে একান্ত বৈঠক করেন।
নৌপরিবহনমন্ত্রী শনিবার দুপুরে বাগেরহাটে এক অনুষ্ঠানে বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন শ্রমিক-কর্মচারীরা। ওই দিন রাতে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘কার নির্দেশে আবার সংযোগ দেওয়া হয়েছে, ঠিক বলতে পারব না। হয়তো মাননীয় প্রধানমন্ত্রী সদাশয় হয়ে নির্দেশ দিয়েছেন।’
মোবাইল ফোন বন্ধের বিষয়ে গতকাল বিটিআরসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব প্রথম আলোকে জানিয়েছেন, এ সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাঁদের নেই, তাঁরা শুধু নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখেন।
কিন্তু বিটিআরসির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মুখপাত্রসহ একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কথা বলতে রাজি হননি। নির্দেশনাটি কার ছিল, জানতে চাইলে তাঁরা এড়িয়ে যান। তবে নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সরকারের নির্দেশে তাঁরা এ ব্যবস্থা নিয়েছেন।
টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার ক্ষেত্রে বিটিআরসির আইনগত ক্ষমতা রয়েছে। তবে এ আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
টেলিযোগাযোগ আইনবিশেষজ্ঞ তানজীব-উল আলম প্রথম আলোকে বলেন, আইনে সরকারকে এ ক্ষমতা দেওয়া হলেও সরকারের বিবেচনাটুকু কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ, সরকার যেটাকে যৌক্তিক মনে করছে, সেটা অনেকের কাছেই অযৌক্তিক মনে হতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির একাধিক সূত্রমতে, খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে বাইরের যোগাযোগ বন্ধ করতে শনিবার ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। শুরুতে বিদ্যুৎ, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর জ্যামার দিয়ে মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে বিটিআরসির শরণাপন্ন হয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে গ্রামীণফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল শনিবার প্রথম আলোকে বলেন, গুলশান ২ নম্বরের একটি বিশেষ ঠিকানায় মোবাইল (ভয়েস ও ডেটা) সেবা বন্ধ করার জন্য শনিবার বেলা তিনটা ৩৮ মিনিটে গ্রামীণফোন ও অন্যান্য মোবাইল ফোন ও ওয়াইম্যাক্স অপারেটর বিটিআরসির কাছ থেকে লিখিত নির্দেশনা পায়।
গতকাল খালেদা জিয়ার কার্যালয়ের ভেতর ঢুকে কয়েকটি অপারেটরের মোবাইল ফোন নেটওয়ার্ক পরীক্ষা করে দেখা যায়, সিটিসেল ছাড়া অন্যান্য অপারেটরের নেটওয়ার্ক খুবই দুর্বল। একটি বেসরকারি মোবাইল অপারেটরের একজন প্রকৌশলী গতকাল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে দুর্বল নেটওয়ার্কের কারণ হলো, ওই এলাকার জন্য ব্যবহৃত মোবাইল টাওয়ারগুলোকে দুর্বল করা হয়েছে। ফলে এই সমস্যা শুধু খালেদা জিয়ার কার্যালয়ে হচ্ছে তা নয়, আশপাশের এলাকায়ও এ সমস্যা হচ্ছে।