কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব : সুবিদ আলী

সংসদীয় কমিটির বৈঠকে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেছেন—এ কথা কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন সরকার দলীয় সাংসদ সুবিদ আলী ভুঁইয়া।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুবিদ আলী এ কথা বলেছেন।
বুধবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথম আলোকে বলেছিলেন, বৈঠকে সুবিদ আলী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করেছিলেন।
এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিতে আজ সুবিদ আলী সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি বলেন, ‘বৈঠকে আমি বলেছি, জিয়াউর রহমান বেতার ভাষণে ভুল করে নিজেকে হেড অব স্টেট (রাষ্ট্র প্রধান) ঘোষণা করেছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দেন। তখন একজন সদস্য বলেন, আপনি কি বলতে চান জিয়াই প্রথম রাষ্ট্রপতি? আমি তাঁকে পাল্টা প্রশ্ন করি জিয়া কি কখনো তাঁর জীবদ্দশায় এমন দাবি করেছিলেন? বাস্তবে জিয়াকে প্রথম রাষ্ট্রপতি দাবি করে আমি কোনো কথা বলিনি। অন্যদের উদ্ধৃতি দিয়ে আমাকে জড়িয়ে যে সংবাদ ছাপা হয়েছে তা উদেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।’
সুবিদ আলী আরও বলেন, এই বিতর্কের মাধ্যমে আমাকে ও আমার দলকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সুবিদ আলী বলেন, ‘ভুল করে বলে ফেলেছিলেন। এম আর খান সাহেব ঠিক করে দেন...আসলে কী বলতে গিয়ে কী বলে ফেলেছেন। ইনটেনশনাল না। আমার বইতে আছে।’
সংসদীয় কমিটির সদস্যরাই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন—এ বিষয়ে জানতে চাইলে সুবিদ আলী বলেন, ‘কে কী বলেছে, আমি কিছু জানি না। আই অ্যাম ভেরি সারপ্রাইজড। যে এটা করছে সে না বুইঝা করছে। জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলবো কেন? তখনতো সরকারই হয়নি।’
কমিটির যেসব সদস্য গণমাধ্যমে এসব তথ্য দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে সুবিদ আলী বলেন, ‘আমার আর খাইয়া-দাইয়া কাজ নাই। রাজনীতি করলে লোকে এমন বলবেই। কে আমার সম্পর্কে কী বলল আমি জানি না। না জেনে বলতে পারছি না। গণমাধ্যম যদি দিয়ে থাকে না জেনে দিয়েছে।’ এ পর্যায়ে ছেলে (দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান) মোহাম্মদ আলী অনেকটা জোর করে সুবিদ আলীকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান।
সুবিদ আলীর সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথম আলোকে বলেন, আলোচ্যসূচির বাইরে এই আলোচনা হয়েছে। তিনি জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলেই দাবি করেছিলেন। এখন হয়তো বিষয়টি নিয়ে বিব্রত।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করা সুবিদ আলী ভূঁইয়া ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন। তিনি তাঁর ‘মুক্তিযুদ্ধে নয় মাস’ বইয়ে লিখেছেন, কালুরঘাট বেতারকেন্দ্রে জিয়াউর রহমান ঘণ্টা দেড়েক চেষ্টা করে তাঁর ঐতিহাসিক ভাষণটি তৈরি করেন। তবে মেজর জিয়া ওই ভাষণে নিজেকে হেড অব দি স্টেট-অর্থাৎ রাষ্ট্রপ্রধান রূপে ঘোষণা করেছিলেন। পরের দিন সংশোধন করে বলেন, মুক্তিযুদ্ধ তিনি চালিয়ে যাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে।
আরও পড়ুন: