পরিবারের জামায়াত-সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি আলমগীর টিপু দাবি করেছেন, এটি কেউ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আর সিআরবিতে টেন্ডার নিয়ে সংঘর্ষে জোড়া খুনের ঘটনাতেও জড়িত নন বলে দাবি করেছেন তিনি।
গতকাল বুধবার বিকেলে নগরের প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন সভাপতি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নতুন সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি।
লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রসংগঠন হিসেবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে যাবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও টেন্ডারবাজমুক্ত ক্যাম্পাস গড়তেও ছাত্রলীগের নতুন নেতৃত্ব কাজ করবে। এতে বলা হয়, শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতিকে নতুন কমিটি উৎসাহিত করবে না। নেতা-কর্মীদের কেউ অভ্যন্তরীণ কোন্দল ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।
সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ছাত্রলীগ সোচ্চার থাকবে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, শাটল ট্রেনের বগি বাড়ানো, হলে খাবারের মান বৃদ্ধি করতে কাজ করবেন তাঁরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাহেদ সরওয়ার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, সহসভাপতি অমিত কুমার বসু, হাবিবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।