সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কেউ সরবে কেউ নীরবে তাঁদের কাগজপত্র জমা দিলেন। গতকাল সোমবার ছিল প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
উপজেলা পরিষদ চত্বরে গতকাল সকাল থেকেই জমা হতে থাকেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যপদের মনোনয়নপত্র জমাদানকারী ও তাঁদের সমর্থকেরা। এসব মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদসহ আশপাশের এলাকা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক দুই নেতা বলেন, ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে তাঁদের চেয়ারম্যান পদপ্রার্থীরা শেষদিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। প্রার্থীরা মোটরসাইকেল, ট্রাক, নসিমন, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মী-সমর্থকদের নিয়ে এসেছেন বলে জানান তাঁরা। উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা দিতে অনেক প্রার্থী আত্মীয়স্বজনদেরও সঙ্গে করে নিয়ে এসেছেন। অনেকেই মনে করছেন, দলীয় মনোনয়ন পাওয়া মানেই চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার প্রথম ধাপ উত্তীর্ণ হওয়া। তাই আজই তাঁরা বিজয় উদ্যাপন করতে চাচ্ছেন।
উল্টো চিত্র দেখা যায় বিএনপি ও জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের বেলায়। সুবিধামতো সময় দেখে কিছুটা নীরবেই তাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা বিএনপির তিনজন নেতা বলেন, ঝামেলা এড়াতে দলের চেয়ারম্যান পদপ্রার্থীদের শেষ দিনের আগেই সুবিধামতো সময়ে মনোনয়নপত্র জমা দিতে দলের ওপর মহল থেকে বলা হয়েছে। সেই মতো তাঁদের দলের প্রায় সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, ‘ঝামেলা ও ভিড় এড়াতে সুবিধাজনক সময় দেখে নির্বাচন কমিশনের নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দিয়েছি।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী বলেন, দলের অনেক ত্যাগী ও প্রবীণ নেতা এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে অংশ নিচ্ছেন। তাঁদের সঙ্গে দলীয় নেতা-কর্মীসহ অনেকেই আসতে পারেন। তবু নির্বাচন কমিশনের আইন মেনেই তাঁরা সব কাজ করছেন বলে জানান তিনি।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উপজেলাজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত এমন সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে আগামী ২২ মার্চ প্রথম ধাপে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।