কেক এসেছে, খালেদার কার্যালয়ে সাজ সাজ রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গুলশান কার্যালয়ে আনা কেক। ছবিটি আজ রাতে তোলা। ছবি: প্রথম আলো
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গুলশান কার্যালয়ে আনা কেক। ছবিটি আজ রাতে তোলা। ছবি: প্রথম আলো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানে কার্যালয়ের সামনে সাজসাজ রব বিরাজ করছে। কার্যালয়ের প্রবেশ ফটকে ফুল, মরিচ বাতি ও বিভিন্ন রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে এ চিত্র দেখা গেছে।

আজ শনিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দৃশ্য। ছবিটি আজ রাত ৮টার দিকে তোলা। ছবি: প্রথম আলো
আজ শনিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দৃশ্য। ছবিটি আজ রাত ৮টার দিকে তোলা। ছবি: প্রথম আলো

এ ছাড়া কার্যালয়ের সামনে মহিলা দলের নেতা-কর্মীদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। এ সময় কার্যালয়ের বাইরে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ‘শুভ শুভ দিন, খালেদা জিয়ার জন্মদিন’ বলে স্লোগান দিচ্ছিলেন। কার্যালয়ের নিচতলায় মিলনায়তনে আলোকসজ্জা করার পাশাপাশি ফুল দিয়েও সাজানো হয়েছে। সেখানে ঢাকা মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে চারটি কেক এনে সাজিয়ে রাখা হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারাও গুলশানের কার্যালয়ে আসতে শুরু করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, আবদুল মান্নান প্রমুখ ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া ছাত্রদলের উদ্‌যাপনে অংশ নেবেন। তবে তিনি এখনো এসে পৌঁছাননি।
উল্লেখ্য, অন্যান্য বার ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে নেতা-কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন খালেদা জিয়া। এবার ১৫ আগস্টের প্রথম ক্ষণে তিনি কেক কাটেননি। সাধারণত প্রতিবার ১৫ আগস্ট সকালে নয়াপল্টনে কেক কেটে আলাদা আলাদাভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তবে এবার তা-ও হয়নি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত এ ধরনের কোনো আয়োজন দেখা যায়নি।