কেন বিদ্যুতের লাইন কাটা হলো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ লাইন কেটে কেন তাঁকে আলোচনায় আনা হলো তা সরকারের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘বাচ্চারা পরীক্ষা দিতে পারছে না। যেখানে পত্রপত্রিকায় এসব লেখা হবে, সেখানে লেখা হলো খালেদার কার্যালয়ে ১৯ ঘণ্টা বিদ্যুৎ নেই। কেন বিদ্যুতের লাইন কাটা হলো?’
গতকাল সোমবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এ প্রশ্ন তুলে কথাগুলো বলেন।
এরশাদ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা বলেছিলেন, সাত দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু হয়নি। সরকার জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ, সব দিক দিয়ে ব্যর্থ। এখন অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করা যায় না।’
প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বিএনপিকে সমাবেশ করতে না দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘বিএনপিকে কেন সমাবেশ করতে দেওয়া হয়নি জানি না। আপনারা বিএনপিকেই বিরোধী দল হিসেবে সারা জগতে পরিচয় করিয়ে দিচ্ছেন। পত্রিকার হেডলাইন এখন খালেদা জিয়া। কেন তাকে এত সুযোগ করে দিচ্ছেন। জানি না।’